গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধ তদন্ত করবে জাতিসংঘের মানবাধিকার কমিশন। শুক্রবার কমিশনে গাজায় তদন্ত দল পাঠানোর এই প্রস্তাব গৃহীত হয়েছে। ভোটে প্রস্তাবটির বিরোধিতা করে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। তবে কাউন্সিলের ৪৭ সদস্যের মধ্যে ২৯ সদস্যই প্রস্তাবের ভোট দিয়েছে। যুক্তরাজ্য, জার্মানি ও জাপানসহ ১৪টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনিদের সদ্য সমাপ্ত ভূমি দিবসের ৬ সপ্তাহের গ্রেট রিটার্ন মার্চ কর্মসূচি পালন করতে গিয়ে ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার হয়েছে শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছে হাজার হাজার মানুষ। শুধু সোমবারের (১৪ মে) বিক্ষোভেই ৬০ ফিলিস্তিনি নিহত ও দুই হাজারেরও বেশি আহত হন। এই দিনের হত্যাযজ্ঞের তদন্তের জন্যই কমিটি গঠনের প্রস্তাব দেয় জাতিসংঘ মানবাধিকার কমিশন।
ভোটের আগে প্রস্তাবটি নিয়ে বিতর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। জেনেভায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আভিভা রাজ সেচতার ‘ইসরায়েলের নামে মিথ্যা ছড়ানো’র অভিযোগ তোলেন কাউন্সিলের বিরুদ্ধে। তিনি বলেন, এই প্রস্তাবের মাধ্যমে সহজ কথায় কাউন্সিল ভণ্ডামির নতুন উচ্চতায় পাশাপাশি বিশ্বাসযোগ্যতার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
জাতিসংঘ মানবাধিকার প্রধান জেইদ রা’দ আল-হুসেইন পাঁচ ঘণ্টাব্যাপী এই বিতর্কের শুরুতে বলেন, গত সপ্তাহে ঘটে যাওয়া ভয়ংকর ঘটনায় কেউ নিরাপদ ছিল না। তিনি বলেন, গত ৩০ মার্চের পর থেকে ইসরায়েলি বাহিনী ১৫ শিশুসহ ১০৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই সময়ে ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। তাদের মধ্যে সাড়ে তিন হাজারের বেশি মানুষ মারণাস্ত্রের আঘাত পেয়ে আহত হয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে ইসরায়েল একটি দখলদারি শক্তি। তাদেরকে গাজার জনগণকে সুরক্ষা ও তাদের কল্যাণ নিশ্চিত করার বিষয়টি মেনে চলতে হবে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ওই প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে বলা হয়, মানবাধিকার কাউন্সিলের ওই প্রস্তাব কোনও সত্য তদন্তের জন্য করা হয়নি। বরং ইসরায়েলের আত্মরক্ষার অধিকার খর্ব করা ও ইহুদি রাষ্ট্রকে দানবরুপে পরিচয় করিয়ে দেওয়ার জন্য করা হয়েছে।
ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি জাতিসংঘ প্রস্তাবকে সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, মানবাধিকার কমিশনের একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করা ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচারের একটি পদক্ষেপ। তিনি ‘ইসরায়েলি যুদ্ধাপরাধ বন্ধ করতে’ দ্রুত প্রস্তাবটির বাস্তবায়নের দাবি জানান।