ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের অভিযোগ অস্বীকার ইরানের

সিরিয়া যুদ্ধ বিষয়ে জর্ডানের মধ্যস্থতায় ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে নিজ দেশের কর্মকর্তাদের ‘গোপন বৈঠকে’র খবর অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

thumbs_b_c_dcb0bc2a2b3df88696051e20f60f69e0

সৌদি আরবের সংবাদমাধ্যম এলাফের বরাত দিয়ে রবিবার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা হয়নি। একটি হোটেলের ভিন্ন ভিন্ন কক্ষে দুপক্ষ উপস্থিত ছিলেন। জর্ডানের কর্মকর্তারা তাদের বক্তব্য এক কক্ষ থেকে অন্য কক্ষে নিয়ে গেছেন। শেষ পর্যন্ত দেশ দুটি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, দক্ষিণ সিরিয়া, গোলান মালভূমি ও ইসরায়েল-জর্ডান সীমান্তে তারা যুদ্ধে জড়াবে না।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমিকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, জর্ডানের রাজধানীতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তাদের কোনও বৈঠক হয়নি।

আগের খবরে বলা হয়, বৈঠকে ইরানি পক্ষ খুব দ্রুতই একটি সমঝোতা প্রস্তাব উত্থাপন করে। ইরানি প্রস্তাব: দক্ষিণ সিরিয়ায় আসাদ বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে হওয়া সংঘাতে তারা জড়াবে না। জবাবে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, হিজবুল্লাহ ও ইরান সমর্থিত বিদ্রোহীরা গোলান মালভূমি এবং ইসরায়েল-জর্ডান সীমান্ত বরাবর হওয়া যুদ্ধে অংশ না নিলে তারাও ওই এলাকার সংঘাতে জড়াবে না।