লেবাননের আকাশ সীমায় ইসরায়েলি যুদ্ধবিমানকে বাধা দিয়েছে রুশ বিমান। সোমবার সকালে ইসরায়েলি দুটি এফ-সিক্সটিন জেট বিমানকে চ্যালেঞ্জ করে রুশ সু-থার্টি ফোর জেট বিমান। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই এ খবর জানিয়েছে। তবে ইসরায়েল বা রুশ কর্মকর্তারা ঘটনাটি নিশ্চিত করেননি।
অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রুশ বিমানগুলো লেবাননের ওপর দিয়ে উড়ে যাচ্ছে। তবে ভিডিওটিতে কোনও ইসরায়েলি বিমান দেখা যায়নি।
ইসরায়েলি সংবাদপত্র হাদাসটের খবরে বলা হয়, ইসরায়েলি যুদ্ধ বিমানকে বাধা দেওয়ার আগে রুশ বিমানগুলো নিয়মিত প্রশিক্ষণ অনুশীলনে অংশ নিয়ে থাকতে পারে। আল মাসদার নামে আরেক সংবাদমাধ্যম জানায়, এই মাসে প্রথমবারের মতো রুশ বিমান সিরিয়া থেকে লেবাননের আকাশ সীমায় প্রবেশ করলো।
লেবানন ইসরায়েলকে শত্রু রাষ্ট্র হিসেবে অভিহিত করে থাকে। নজরদারির উদ্দেশ্যে ইসরায়েলি বিমানগুলো প্রায়ই লেবাননের আকাশসীমায় প্রবেশ করে। লেবানন প্রায়ই দেশটির বিরুদ্ধে আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ তুলে থাকে।
কিছুদিন হলো সিরিয়ায় ইরানি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইরান ও হিজবুল্লাহ সিরিয়ায় আসাদ সরকারের পক্ষে লড়াই করছে। লেবাননের আকাশ সীমা ব্যবহার করেই ইসরায়েল এসব চালিয়ে থাকে।
এই মাসেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, এই অঞ্চলে ইসরায়েলের অভিযানে মস্কো কোনও বাধা দেবে না। সিরিয়ায় রাশিয়ার ভারী সামরিক অবস্থান নিয়ে যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয় এজন্য ২০১৫ সালে দেশ দুটি একটি কৌশল ঠিক করে নেয়। তবে সোমবারের বিমান প্রতিরোধের ঘটনা নিয়ে ইসরায়েল বা রাশিয়ার কর্মকর্তারা কোনও কিছু নিশ্চিত করতে পারেননি।
ইসরায়েলের একজন কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে বলেছেন, ‘সহযোগিতা সঠিক পরিভাষা হবে না। আমরা রাশিয়ার সঙ্গে কোনও সমন্বয় করছি না। এটা সংঘাত এড়িয়ে চলা ও নিরাপত্তার একটি ব্যবস্থা। এর মাধ্যমে তারা আমাদের কোনও ক্ষতি করে না আর আমরাও তাদের কোনও ক্ষতি করি না।’