সৌদি যুবরাজের ‘পাপ’ নিয়ে আল কায়েদার হুঁশিয়ারি

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ধর্মীয় ও সামাজিক সংস্কার পরিকল্পনার কয়েকটি উদ্যোগকে ‘পাপে পূর্ণ’ বলে আখ্যা দিয়েছে ইসলামপন্থি জঙ্গি সংগঠন আল কায়েদা। সংগঠনটির আরব উপদ্বীপ অঞ্চল শাখা এসব উদ্যোগের বিষয়ে সৌদি যুবরাজকে হুঁশিয়ারি দিয়েছে। শুক্রবার নিজেদের সংবাদমাধ্যম মাদাদে এই হুঁশিয়ারি দেওয়া হয় বলে জানিয়েছে অনলাইনে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স।সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান
২০৩০ সাল নাগাদ তেল নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখী করতে যুবরাজ সালমানের নেতৃত্বে সৌদি আরবে পরিচালিত হচ্ছে সংস্কার উদ্যোগ। এসব উদ্যোগের মধ্যে রয়েছে কট্টোর মুসলিম রক্ষণশীল দেশে সিনেমা হল চালু, নারীদের গাড়ি চালানোর অনুমতি। এই দুটি উদ্যোগকেই ‘পাপে পূর্ণ’ আখ্যা দিয়েছে আল কায়েদা।

ইয়েমেনভিত্তিক আল কায়েদার শাখাটি বলেছে, ‘বিন সালমানের নতুন যুগ মসজিদকে সিনেমা হলে পরিণত করেছে। সে ইমামদের লেখার পরিবর্তে পূর্ব ও পশ্চিমের নাস্তিক ও সেক্যুলারদের অসার লেখনী দিয়ে বই পরিবর্তন করেছে।’ আর ব্যাপক দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের দরজা খুলে রেখেছে বলে মন্তব্য করা হয়েছে আল কায়েদার বিবৃতিতে।

ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র শহর মক্কার কাছে গত এপ্রিলে আয়োজিত রেসলিং প্রতিযোগিতা ডব্লিউডব্লিউই আয়োজনেরও সমালোচনা করা হয় আল কায়েদার বিবৃতিতে। বলা হয়, (বিদেশি) অবিশ্বাসী রেসলাররা ক্রসের চিহ্ন এঁকে তরুণ মুসলিম নারী ও পুরুষের সামনে তাদের ব্যক্তিগত অঙ্গ প্রদর্শন করেছে। দুর্নীতিবাজরা শুধু সেখানেই থামেনি, প্রতি রাতেই গানের আসর ছাড়াও বসানো হয়েছে সিনেমা আর সার্কাস শো।

সুন্নিপন্থী আল কায়েদার এই শাখাটি ইয়েমেনে জটিল যুদ্ধে সক্রিয় রয়েছে। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট।