নতুন বাণিজ্য কর ঘোষণা করার পর কানাডায় বিশ্বের উন্নত সাত দেশের সংগঠন জি-সেভেনের অর্থমন্ত্রীদের বৈঠকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভেন এমনুচিন। ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লি মাইরির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা এই খবর জানিয়েছে।
লি মাইরি বলেন, তিনি এমনুচিনকে বলবেন যে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর যুক্তরাষ্ট্রের কর আরোপ করার সিদ্ধান্ত ‘আইনত অগ্রহণযোগ্য, রাজনৈতিকভাবে অন্যায্য ও অথনৈতিকভাবে ভয়ংকর।’ তিনি শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা জি-সিক্স একসাথে চললেও যুক্তরাষ্ট্র একাই সবার বিরুদ্ধে চলছে। এতে অর্থনৈতিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়ছে।’
যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে, তারা ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও মেক্সিকোর কাছ থেকে ইস্পাত আমদানির ক্ষেত্রে ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ কর আরোপ করবে। মাসজুড়ে কার্যকর ছাড় দেওয়ার বিষয়টি শেষ করে দেশটি এই ঘোষণা দেয়। লি মাইরি বলেন, আমাদের সবার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষকে আগের অবস্থানে ফিরিয়ে আনা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র প্রশাসন তাদের করারোপকে বৈধতা দেওয়ার জন্য কোনও সমঝোতা বিতর্কেই যেতে চাচ্ছে না।
ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা ইউরোপীয় ইউনিয়নের কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এভাবে কর আরোপের ঘোষণায় ইউরোপীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। লি মাইরি বলেন, তিনি এমনুচিনকে কয়েকটি নির্দিষ্ট ফরাসি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য চাপ দেবেন। যাতে কোম্পানিগুলো ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে পারেন। তবে তিনি কোম্পানিগুলোর নাম বলতে অস্বীকার করেন।
রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ইতালিতে মুদ্রাবাজার ইতোমধ্যে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। এর মধ্যে নতুন বাণিজ্য উত্তেজনা তা আরও অস্থিতিশীল করে তুলেছে। লি মাইরি বলেন, আমরা ইতালিতে নতুন সরকার গঠনের ঘটনাকে স্বাগত জানাই। তিনি আশা প্রকাশ করেন, ইউরো অঞ্চলকে শক্তিশালী করার জন্য তিনি দ্রুত ইতালির অর্থমন্ত্রীকে পাশে পাবেন।