আরব আমিরাতের হয়ে ফিলিস্তিনের ফাতাহ নেতা মোহাম্মদ দাহলানের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী জেরুজালেমের ওল্ড সিটির জায়গা কেনার পরিকল্পনা করছেন বলে অভিযোগ করেছেন ইসলামিক মুভমেন্ট ইন ইসরায়েলের সহকারী প্রধান শেখ কামাল খতিব। ইসরায়েলি দখলদারিত্বকে সহায়তা করার জন্য আমিরাতের যুবরাজের পৃষ্ঠপোষকতায় এই পরিকল্পনা করা হচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন অভিযোগ তিনি। যুক্তরাজ্যভিত্তিক মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী সংস্থা মিডলইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে খতিব বলেন, আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের খুবই ঘনিষ্ঠ একজন আমিরাতি ব্যবসায়ী আল আকসা মসজিদ সংলগ্ন বাড়ি ও সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন। ফাতাহ নেতা দাহলানের হয়ে কাজ করা জেরুজালেমের একজন ব্যবসায়ী তাকে এ কাজে সহায়তা করছেন।
খতিব বলেন, তারা জেরুজালেমের এক বাসিন্দার কাছ থেকে আল আকসা মসজিদ সংলগ্ন একটি বাড়ি কেনার জন্য ৫০ লাখ মার্কিন ডলার দেওয়ার প্রস্তাব দেয়। তিনি তা প্রত্যাখ্যান করায় তাকে বাড়িয়ে ২ কোটি ডলার দেওয়ার কথা বলা হয়। তবে তারপরও তাকে প্রলুব্ধ করার চেষ্টা সফল হয়নি।
খতিব সতর্ক করে দিয়ে বলেন, ২০১৪ সালে বিন জায়েদের প্রশাসন একইভাবে দখলকৃত জেরুজালেমের সিলওয়ান ও ওয়াদি হিলওয়া এলাকা দখলের জন্য বাড়ি কিনেছে। তিনি বলেন, ‘এই বিপজ্জনক পরিস্থিতিতে আমরা জেরুজালেমের সম্মানিত বাসিন্দাদের কোনও গোষ্ঠী বা গোপন প্রতিনিধিদের কাছে বাড়ি বা জায়গা বিক্রির চেষ্টা না করার জন্য পরামর্শ দিচ্ছি। আমিরাতের শাসকরা জাতির শরীর ধ্বংস করে দেওয়ার মতো ক্যানসার।’
শেখ কামাল খতিব এর আগেও আরব আমিরাতের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারির পক্ষে জেরুজালেমের সম্পত্তি কেনার অভিযোগ করেছিলেন। তিনি আগেও বলেছেন, আমিরাত মূলত আল আকসা মসজিদের কাছের এলাকায় এই তৎপরতা চালাচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে কাতারি সংবাদপত্র আল শার্ক এ প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগ করেছিলেন, আরব আমিরাত তার নিজ দেশের ইহুদি সংস্থাগুলোর মাধ্যমে জেরুজালেমের বাসিন্দাদের বাড়ি কিনেছে। তারা আমিরাত থেকে ফিলিস্তিনি দালালদের মাধ্যমে সরাসরি ইসরায়েলে আসে। এসব দালালদের মাধ্যমে জেরুজালেমবাসীর জায়গা বিশেষ করে আল আকসা মসজিদের কাছের জায়গা বিক্রি করতে রাজি রাজি করানো সহজ হয়।