অর্থনৈতিক সহায়তা হিসেবে জর্ডানকে ২৫০ কোটি ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উপসাগরীয় তিন দেশ সৌদি আরব, কুয়েত ও আরব আমিরাত। সম্প্রতি কর ও দ্রব্যমূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সবচেয়ে ভয়াবহ আন্দোলনে অনেকটা অস্থিতিশীল হয়ে পড়েছে জর্ডান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এই সহায়তার অর্থ জর্ডানের কেন্দ্রীয় ব্যাংকে আমানত হিসেবে রাখার পাশাপাশি বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিতে জর্ডানের জামানত ও সরাসরি বাজেট সহায়তা হিসেবে দেওয়া হবে। এছাড়া সরকারের বিভিন্ন আর্থিক ও উন্নয়ন প্রকল্পে নগদ অর্থ হিসেবেও এই অর্থ দেওয়া হবে। তবে এই সহায়তা জর্ডানের বর্তমান বাজেট ঘাটতি কমাতে পারবে কিনা তা নিয়ে সমালোচনা রয়েছে। দেশটিতে এখন প্রায় ৭০ কোটি ডলারের বাজেট ঘাটতি রয়েছে।
২০১১ সালেও উপসাগরীয় দেশগুলো জর্ডান এমন আর্থিক সহায়তা দিয়েছিল। আশা করা হচ্ছে এবারের পাঁচ বছর মেয়াদি এই সহায়তা বরাদ্দ দেশটিকে নতুনভাবে ব্যায়হ্রাস পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আন্তর্জাতিক দাতা ও জনগণকে সন্তুষ্ট করতে সাহায্য করবে।
মক্কায় জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ, সৌদি বাদশাহ সালমান, কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল সাবাহ এবং আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ উদ্ধৃত করে বলা হয়, তিনি আশা করছেন এই সহায়তা তার দেশকে আর্থিক সংকট থেকে উত্তরণে সাহায্য করবে।
সম্প্রতি জর্ডানের অর্থনৈতিক অব্যবস্থাপনার জন্য দোষারোপ করে বিক্ষোভ শুরুর পর প্রধানমন্ত্রী হানি আল মুলকি পদত্যাগ করেন।