মিয়ানমারের এমআরটিভিতে ‘ডেমোক্র্যাটিক ভয়েস অব বার্মা’ নামে একটি অনুষ্ঠানের সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে রেডিও ফ্রি এশিয়া (আরএফএ)। যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মিয়ানমার সরকার ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহারের বিষয়ে আপত্তি জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আরএফএ’র সভাপতি লিব্বি লিও সোমবার এক বিবৃতিতে বলেন, রেডিও ফ্রি এশিয়া সাংবাদিকতার নীতির বিষয়ে নিজস্ব নিয়মের ব্যাপারে কোনও ছাড় দেবে না। এই নীতি অনুযায়ী নৃতাত্ত্বিক সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নিন্দা করা নিষিদ্ধ।
তিনি বলেন, ‘আরএফএ তাদের প্রতিবেদনে রোহিঙ্গাদের ‘রোহিঙ্গা’ই বলবে। অন্য কোনও শব্দ এমনকি কম মর্যাদাহানিকর শব্দে ব্যবহারও আমাদের দর্শকদের জন্য অযথার্থ ও আন্তরিকতাবিহীন হবে।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আরএফএ’র বিষয়বস্তু ও অনুষ্ঠানগুলো মিয়ানমারের শ্রোতাদের জন্য রেডিও স্বল্পতরঙ্গ, সামাজিক যোগাযোগের মাধ্যম (ফেসবুক/ইউটিউব) ও আরএফএ’র বার্মিজ ওয়েবসাইটে প্রচার করা হবে।
লিও বলেন, রোহিঙ্গা শব্দের ব্যবহার নিষিদ্ধ করার মাধ্যমে মিয়ানমার সরকার রাজনৈতিক ব্যঙ্গসূচক পদক্ষেপ নিচ্ছে। তারা একটি জনগোষ্ঠীর পরিচয় মুছে ফেলতে চাইছে, যাদের অস্তিত্বকেই তারা অস্বীকার করে থাকে।
তিনি বলেন, আরএফএ মিয়ানমারের শ্রোতাদের জন্য বিশ্বাসযোগ্য সাংবাদিকতায় প্রবেশাধিকারের সুযোগ অব্যাহত রাখবে। বিশেষ করে যখন কোনও বিষয় নিয়ে স্থানীয় ও সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো অবহেলা করবে এবং প্রতিবেদন প্রকাশ করা থেকে বিরত থাকবে তখন আরএফএ তাদের সহায়তা করবে।