সিরিয়ার পূর্বাঞ্চলে এক বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী আইএসের অন্তত ৪৫ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইরাক। তাদের দাবি, নিহতদের মধ্যে বেশ কয়েকজন সিনিয়র সদস্যও ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
গত বছর থেকে সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইরাকি বিমানবাহিনী। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও আইএসের বিরুদ্ধে লড়াইরত মার্কিন নেতৃত্বাধীন জোটের অনুমোদন নিয়ে এসব হামলা হয়। আসাদের অন্যতম মিত্র ইরান ও রাশিয়ার সঙ্গে ইরাকের ভালো সম্পর্ক রয়েছে। আবার মার্কিন নেতৃত্বাধীন জোটের কাছ থেকে দৃঢ় সমর্থন পাচ্ছে দেশটি।
ইরাকি সেনাবাহিনী দাবি করে, শনিবারের হামলায় আইএসের উপ-যুদ্ধমন্ত্রী, মিডিয়া প্রধান ও পুলিশ প্রধান নিহত হয়েছেন।
একসময় ইরাকের এক-তৃতীয়াংশ এলাকা দখলে নিয়েছিল আইএস। ইরাকি প্রেসিডেন্ট হায়দার আল আবাদি গত ডিসেম্বরে আইএসের বিরুদ্ধে তার দেশের চূড়ান্ত বিজয় ঘোষণা করেন। তবে এরপরও সিরিয়া সংলগ্ন সীমান্তে এখন কার্যক্রম পরিচালনা করছে আইএস। ইরাকজুড়ে অতর্কিত হামলা, হত্যা ও বোমা হামলাও অব্যাহত রেখেছে সংগঠনটি।