ইরাকে ১২ আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

ইরাকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের ১২ সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় শুক্রবার এই তথ্য জানিয়েছে। গোষ্ঠীটির হাতে আটক আট নিরাপত্তাকর্মীর মৃতদেহের সন্ধান পাওয়ার পর মৃত্যুদণ্ড পাওয়া শত শত আইএস সদস্যের দণ্ড কার্যকরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদী।ইরাকি নিরাপত্তাবাহিনীর হাতে আটক সন্দেহভাজন আইএস সদস্যের পুরনো ছবি
সম্প্রতি আইএস সদস্যরা ইরাকের নিরাপত্তা বাহিনীর ছয় সদস্যের ছবি প্রকাশ করে আটকজনকে বন্দি করার কথা জানায়। শনিবার অনলাইনে প্রকাশ করা ভিডিওতে সরকারকে আটক সুন্নি মহিলাদের মুক্তি দিতে তিনদিনের সময় বেধে দেয়। বলা হয় মুক্তি না দিলে তাদের হত্যা করা হবে। সময় সীমা শেষ হওয়ার দুইদিন পর বুধবার দেশটির নিরাপত্তাবাহিনী ওই আটজনের মরদেহ উদ্ধার করে। এরপরই কারাগারে আটক আইএস সদস্যদের দণ্ড দ্রুত কার্যকরের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হায়দার আল আবাদীর নির্দেশে ১২ আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, উদ্ধার হওয়া আট মরদেহের ময়না তদন্তে নিশ্চিত হওয়া গেছে তাদের সমসয়সীমা শেষ হওয়ার আগেই হত্যা করা হয়েছে।

ইরাকের কারাগারে এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনশোরও বেশি আইএস সদস্য রয়েছে। এদের মধ্যে শতাধিক বিদেশি নারী রয়েছেন। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছে আরও শত শত আইএস যোদ্ধা।