ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে প্রধান বিরোধীদল কংগ্রেস। বর্তমানে সেখানে গভর্নরের শাসন জারি রয়েছে। সোমবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে জম্মু-কাশ্মির ইস্যুতে কংগ্রেসের পরিকল্পনা গ্রুপের বৈঠক শেষে কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি ওই দাবি জানিয়েছেন।
জম্মু-কাশ্মিরে পিডিপি-বিজেপি জোট থেকে বিজেপি বেরিয়ে যাওয়ায় সেখানে পিডিপি নেতৃত্বাধীন মেহবুবা মুফতি সরকারের পতন হয়। এরপরে সেখানে অন্যকোনো দল জোট সরকার গড়তে আগ্রহ প্রকাশ না করায় গভর্নরের শাসন জারি হয়েছে। তবে সম্প্রতি পিডিপির সঙ্গে কংগ্রেসের সমর্থনে জোট সরকার গড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সোমবার দিল্লিতে আছেন এবং তিনি কংগ্রেস সভানেত্রী ও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে শোনা যাচ্ছে। কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি অবশ্য বলেছেন এ ব্যাপারে তার কিছু জানা নেই।
৮৭ সদস্যবিশিষ্ট জম্মু–কাশ্মির বিধানসভায় কোনোদলই সংখ্যাগরিষ্ঠ না হওয়ায় সেখানে বিধানসভা নির্বাচনে ত্রিশঙ্কু ফল হয়। এখানে পিডিপি’র ২৮টি আসন রয়েছে। কংগ্রেসের রয়েছে ১২টি আসন। যদি পিডিপি’র সঙ্গে কংগ্রেস সরকার গড়তে যায়ও সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে আরও চার বিধায়ক অর্থাৎ মোট ৪৪ বিধায়কের প্রয়োজন। এখানে অবশ্য তিন নির্দলীয় ও সিপিএমের এক বিধায়ক আছেন। বিজেপি এখানে ২৫ এবং ন্যাশনাল কনফারেন্স ১৫ আসন পেয়েছিল। এছাড়া পিডিএফ ১ ও জেকেপিসি ২ আসন পেয়েছিল।