দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের কাছের জাবলুম গ্রামে ফিলিস্তিনিদের সম্পত্তিতে আগুন দিয়েছে দখলদার ইসরায়েলি নাগরিকেরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে কুদস প্রেসের খবরে বলা হয়েছে, ইসরায়েলি দখলদারেরা ফিলিস্তিনিদের কৃষিজমি আর বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে কমপক্ষে আড়াই একর জমিতে বোনা গম পুড়ে গেছে। কেটে ফেলা হয়েছে ওই এলাকায় ফিলিস্তিনিদের মালিকানাধীন কয়েকশো গাছ। তবে এতে কোনও মানুষ হতাহত হয়নি।
গত বৃহস্পতিবার (২৬ জুলাই) এক ফিলিস্তিনি তরুণ তিন ফিলিস্তিনিকে ছুরিকাঘাত করার পর তাকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। পরদিন শুক্রবারও বিক্ষোভে গুলি চালিয়ে এক কিশোরসহ দুইজনকে হত্যা করে ইসরায়েল।
ওই ঘটনার পরই ফিলিস্তিনিদের সম্পত্তিতে আগুন দেওয়ার ঘটনা ঘটলো। সম্পদের ক্ষয়ক্ষতি করার এই ধারাবাহিক হামলা ফিলিস্তিনিদের ওপর সর্বশেষ আগ্রাসন বলে মনে করছেন বিশ্লেষকরা।
ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা।কিন্তু এবারে দেড় শতাধিক মানুষ হত্যার ঘটনায় বিক্ষোভ অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা।