ফিলিস্তিনিদের দাবির পক্ষে সোচ্চার তামিমির ইসরায়েলি আইনজীবী

ইসরায়েলের সমস্ত মানুষই যে জায়নবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তা নয়। সেখানেও ফিলিস্তিনিদের পক্ষে সরব মানুষ আছে। সেখানেও এমন মানুষ আছে, যারা ইসরায়েলি দমনপীড়নের বিরুদ্ধে সোচ্চার। এমন একজন মানুষ, ইসরায়েলের জনপ্রিয় আন্দোলন ‘পিস নাও’ এর সাবেক মহাসচিব গ্যাবি লাস্কি। ইসরায়েলি আদালতে তিনি ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের প্রতীক হয়ে ওঠা আহেদ তামিমির পক্ষে লড়েছেন। এছাড়া দখলদারিত্ব অব্যাহত থাকা অবস্থায় ইসরায়েলি সেনাবাহিনীর হয়ে কাজ না করতে চাওয়া নারীদের প্রতিনিধিও এই আইনজীবী। রবিবার আহেদ তামিমির মুক্তির পর ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ একটি কলাম লেখেন এই মানবাধিকার কর্মী। সেখানে তিনি ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের প্রতিবাদের ইসরায়েলিদের স্বোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

আদালতে আহেদ তামিমির সঙ্গে আলাপরত গ্যাবি লাস্কি

ডিসেম্বরের মাঝামাঝি ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদ করতে গিয়ে সেনাদের গালে থাপ্পড় মেরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের জীবন্ত প্রতীকে পরিণত হন তামিমি। তাকে ইসরায়েলের কারাগারে নেওয়া হয়। মার্চে সামরিক আদালতে তার বিরুদ্ধে ঘোষিত হয় জরিমানাসহ আট মাসের কারাদণ্ড। সে হিসেবে ১৯ ডিসেম্বর থেকে কারাগারে থাকা তামিমির মুক্তি পাওয়ার কথা ১৯ আগস্ট। তবে বিশেষ মূল্যায়নে ইসরাইলি কারা কর্তৃপক্ষ কারও কারা মেয়াদ কমিয়ে আনতে পারেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গতকাল ২৯ জুলাই রবিবার তাকে মুক্তি দেওয়া হয়।

প্রকাশিত কলামে গ্যাবি লাস্কি লিখেছেন, যারা ভেবেছিল, সহিংসতা ও হুমকির মাধ্যমে তামিমির মনোবল ভাঙতে পারবে, তারা এসব করে তা আরও শক্তিশালী করেছে। কর্তৃপক্ষ তাদের দখলদারি ও অন্যান্য অন্যায়কে ঢেকে রাখতে চাইলেও  আহেদ এসব অবিচারের বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। গ্যাবি লাস্কি বলেন, এখন নিজের গ্রেফতার ও কারাবরণের মাধ্যমে এই ফিলিস্তিনি মেয়েটি দখলদারির অবিচারকে তুলে ধরতে সক্ষম হয়েছে। তাই ইসরায়েলিদেরও এর বিরোধিতা করা উচিত। আহেদের জীবন থেকে আমরা যা শিখেছি তা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অবশ্যই করে দেখাতে হবে। গ্রেফতার হওয়া শিশু বা উৎখাত হওয়া পরিবারগুলোকে কোনও মার্কিন যুদ্ধবিমান বা জার্মান সাবমেরিন ফিলিস্তিনিদের স্বাধীনতা, মুক্তি ও মর্যাদার জীবনের অধিকারের দাবি থেকে সরাতে পারবে না।

কাঠগড়ায় মক্কেলের সঙ্গে কথা বলছেন মানবাধিকার আইনজীবী গ্যাবি লাস্কি

গত মার্চ মাসেও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন গ্যাবি। ওই মামলায় তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন সাবেক লেফটেন্যান্টের বিরুদ্ধে নির্যাতন, দুর্ব্যবহারের অভিযোগের পাশাপাশি গাজা ও পশ্চিম তীরে পুলিশের বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ আনেন। ইসরায়েলের সংসদ নির্বাচনে মেরেৎজ পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা গ্যাবি লাস্কি বলেন, যদি আমরা বিষয়টি এখনই হৃদয়ে অনুধাবন না করি, যদি আমরা ৫১ বছর ধরে চলমান নৈতিক অসাড়তা থেকে ইসরায়েলি জনগণকে এখনই জাগাতে না পারি, তাহলে আমরা এক নিষ্ঠুর জাতিবিদ্বেষের বাস্তবতাকে অস্বীকারই করে যাবো। আর তা আমাদের দেশের শিশুরা দখলদারি শাসকদের বিরুদ্ধে খালি হাতে প্রতিরোধ গড়ে তোলা নারীদের ওপর নির্যাতন করা শিখবে।

গ্যাবি লাস্কি  ইসরায়েলের ‘পাবলিক কমিটি অ্যাগেনস্ট টর্চার’ এর আইন উপদেষ্টা হিসেবেও কাজ করছেন। এই কমিটি একটি অরাজনৈতিক সংগঠন যারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর তদন্তের নামে নির্যাতন বন্ধের দাবিতে স্বোচ্চার।