ফিলিস্তিনি জাতিমুক্তি আন্দোলনের প্রতীক আহেদ তামিমির মতো করেই অনেক শিশু ইসরায়েলি কারাগারে বন্দি আছেন। আহেদের মা ন্যারিম্যান তামিমি মন্তব্য করেছেন, তারা প্রত্যেকেই এক একজন আহেদ তামিমি। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে দেওয়া ন্যারিম্যানের সাক্ষাৎকারকে উদ্ধৃত করে মধ্যপ্রাচ্যবিষয়ক ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
ন্যারিম্যান আনাদুলু এজেন্সিকে বলেছেন, ‘অনেক ফিলিস্তিনি শিশুই তামিমির মতো করে ইসরায়েলি নিপীড়নের শিকার। তবে তাদের সবাইকে তামিমির মতো করে দেখা হয় না। তিনি বলেন, প্রকৃতপক্ষে ‘প্রত্যেক ফিলিস্তিনি শিশুই এক একজন আহেদ তামিমি’। ন্যারিম্যান মন্তব্য করেন, ‘হাজার হাজার ঘটনা রয়েছে, সংবাদমাধ্যমের উচিত যেগুলোকে আমলে নেওয়া। মিডিয়ার উচিত, দখলদারিত্বের প্রতিটি ঘটনাকে যথাযথ গুরুত্ব দিয়ে উপস্থাপন করা, কেননা এই দখলদারিত্ব যুদ্ধাপরাধের সামিল এবং আইনের আওতায় বিচারযোগ্য’।
ঐতিহ্যগতভাবেই ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে সরব তামিমির গ্রাম নবী সালেহ। তামিমির ১৭ বছরের জীবনেও ইসরায়েলবিরোধী প্রতিরোধের বহু নজির রয়েছে। ছোটবেলা থেকেই কখনও ইসরায়েলি সেনাদের সঙ্গে ধস্তাধস্তি বা অপমান করার বিভিন্ন ছবি ও ভিডিও এখন সবখানে ছড়িয়ে পড়েছে।