মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচক বাস্কেটবল তারকা লেব্রন জেমসের প্রশংসা করে আবারও আলোচনার জন্ম দিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। শুক্রবার (৩ আগস্ট) টুইটার পোস্টে জেমসকে আক্রমণ করেন ট্রাম্প। একদিনের ব্যবধানে শনিবার (৪ আগস্ট) মুখপাত্রের মাধ্যমে দেওয়া বিবৃতিতে জেমসের কার্যক্রমের প্রশংসা করেছেন মেলানিয়া। বিবৃতিতে এনবিএ’র ওই তারকা খেলোয়াড়ের প্রতিষ্ঠিত নতুন স্কুল পরিদর্শনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্ভাবনাময় খেলোয়াড়দের একজন লেব্রন জেমস। বিভিন্ন সময়েই তাকে ট্রাম্পের সমালোচনা করতে দেখা গেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এ সঞ্চালক লেমনকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে জেমস বলেছিলেন, ‘ট্রাম্প আমাদের ক্রীড়াজগতের মানুষদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছিলেন, তবে দিনশেষে খেলাধুলাই আমাদের সবাইকে একত্রিত করে।’ প্রেসিডেন্ট এখন সামনে বসে থাকলে তাকে কী বলতেন?- এমন প্রশ্নের জবাবে জেমস বলেন: ‘আমি কখনও তার সঙ্গে বসতাম না।’
শুক্রবার (৩ আগস্ট) সিএনএন-এ লেব্রনের সঙ্গে ডন লেমনের সাক্ষাৎকারটি পুনঃপ্রচারিত হওয়ার পর তা নিয়ে ক্ষোভ জানান ট্রাম্প। লেব্রন জেমসকে ভৎসনা করে টুইটার পোস্টে ট্রাম্প লেখেন, ‘টেলিভিশনের সবচেয়ে মাথামোটা মানুষ ডন লেমন মাত্রই লেব্রন জেমসের সাক্ষাৎকার নিয়েছেন। লেব্রনকে তিনি ‘স্মার্ট’ হিসেবে উপস্থাপন করেছেন। এটা সহজ নয়।’ পেশাদার ক্রীড়াবিদ ও ওহাইও’র রিপাবলিকান গভর্নরসহ অনেকে ট্রাম্পের এই অবস্থানের সমালোচনা করেন।
ট্রাম্পের বক্তব্যের একদিন পর শনিবার (৪ আগস্ট) মেলানিয়ার মুখপাত্রের সরবরাহকৃত বিবৃতিতে বলা হয়: ‘মনে হচ্ছে লেব্রন জেমস আমাদের পরবর্তী প্রজন্মের হয়ে ভালো কাজ করার চেষ্টা করছেন। সবসময় তিনি যেমন করেন, তেমন করেই ফার্স্ট লেডি সবাইকে উদ্বুদ্ধ করছেন, যেন প্রত্যেকে শিশুদের সামনে থাকা ইস্যুগুলো নিয়ে খোলাখুলি আলোচনা করতে পারে। আপনারা জানেন, মেলানিয়া ট্রাম্প দেশ ও বিশ্ব সফর করেছেন; শিশুদের কল্যাণ, স্বাস্থ্যকর জীবন-যাপন এবং তার বি বেস্ট উদ্যোগের মধ্য দিয়ে দায়িত্বশীল অনলাইন আচরণের গুরুত্ব সম্পর্কে তাদের সঙ্গে কথা বলেছেন। বিভিন্ন প্রতিষ্ঠান, হাসপাতাল ও স্কুলগুলো পরিদর্শনে যান তিনি। আক্রনে আই প্রমিজ স্কুল পরিদর্শনেও তিনি প্রস্তুত রয়েছেন।’
অনেকেই ট্রাম্পের শুক্রবারের টুইটটিকে বর্ণবাদী আখ্যা দিয়েছেন। কারণ, লেমন ও জেমস দুইজনই কৃষ্ণাঙ্গ এবং সাক্ষাৎকারে তারা কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের ব্যাপারে অতীতে ট্রাম্পের করা আক্রমণাত্মক বক্তব্য নিয়ে আলোচনা করছিলেন। ডেমোক্র্যাট নেতা ও প্রতিনিধি পরিষদের সদস্য টিম রায়ান বলেন, ‘আমি মনে করি, এর মধ্য দিয়ে এটাই প্রকাশ পেয়েছে এবং ক্রমাগত প্রকাশ পেতে থাকবে যে প্রেসিডেন্ট ট্রাম্প বর্ণবাদী উসকানি দেন।’
ধারাভাষ্যকার বিল সিমনস টুইট করেছেন: লেব্রন একজন স্মার্ট মানুষ (এবং সবচেয়ে চিন্তাশীল একজন খেলোয়াড়) এটি একটি ফালতু টুইট ও অনেকটা বর্ণবাদী।’ অবশ্য জেমস নিজে এসব বিতর্কে অংশ নেননি। তার বদলে শনিবার সকালে তাকে স্কুল উদ্বোধনের কিছু ছবি শেয়ার করতে দেখা গেছে।
All smiles