সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিনজন অস্ট্রিয়ান ও ১৭ জন সুইস নাগরিক ছিলেন। ১৯৩০ সালে সামরিক বিমানের আদলে তৈরি বিমানটি শনিবার বিকাল ৫টার দিকে বিধ্বস্ত।
বিমানটি সুইজারল্যান্ডের দক্ষিণ সীমান্তের লোকারনো থেকে ফিরে আসছিলো। পুলিশ জানায়, নিহতদের মধ্যে জুরিখ, থুরাগো, লুকারনে, সুইজ, জাগ ও ভড শহরের যুগলরা ছিলেন। আর অস্ট্রিয়ার এক পরিবারের তিনজন ছিলেন।
এক সংবাদ সম্মেলনে জেইউ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কার্ট ওয়াল্ডমেয়ার বলেন, আমাদের ৩৬ বছরের ইতিহাসে গতকালই সবচেয়ে খারাপ দিন ছিলো। আমাদের সবারই অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।
পুলিশের দাবি, তারা কোনও ডিসট্রেস সিগনাল পাননি কিংবা কোনও কল পাননি। এখনও দুর্ঘটনার কারণও জানাতে পারেননি তারা। ব্ল্যাকবক্স পাওয়ার পর তদন্ত শুরু হবে। আর সেজন্য কয়েকদিন সময় লাগবে বলেও জানায় পুলিশ।
জেইউ-এয়ার নামক কোম্পানিটিতে তিনটি ভিন্টেজ বিমান রয়েছে৷ এগুলো জার্মানিতে তৈরি৷ এখানে এগুলো পরিচিত ‘আন্টি জেইউ' নামে৷ জেইউ-৫২ বিমানগুলো বানানো হয়েছিল ১৯৩১ থেকে ১৯৫২ সাল পর্যন্ত৷
এদিকে, একই দিনে সুইস শহর লুৎসার্নে আরেকটি বিমান দুর্ঘটনা ঘটেছে৷ শহরটির দক্ষিণাঞ্চলে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়৷ এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন মারা যান৷সবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ৷ তারা বিমানে চড়ে ফ্রান্সে যাচ্ছিলেন৷