উত্তর-পশ্চিমাঞ্চলের ইরাক সীমান্তে নৈশকালীন অভিযানে ১০ জঙ্গিকে হত্যার দাবি করেছে ইরান। শনিবার ইরানের রেভ্যুলুশনারি গার্ডের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।
রেভ্যুলুশনারি গার্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নাশকতার পরিকল্পনা নিয়ে ওসনাভিয়েহ সীমান্ত দিয়ে প্রবেশ করার সময় ভারী অস্ত্রে সজ্জিত একটি সন্ত্রাসী দলকে প্রতিহত করা হয়। ওই সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলিতে কমপক্ষে ১০ সন্ত্রাসী নিহত হয়।
ইরানের অরক্ষিত সীমান্তটিতে প্রায় ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠী ও ইরাকভিত্তিক আইএস সদস্যদের সঙ্গে ইরানি বাহিনীর প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।
গত জুলাই মাসে ওই পাহাড়ি এলাকাটিতে কমপক্ষে দুটি সংঘর্ষ হয়। এসব সংঘর্ষে কমপক্ষে ১০ ইরানি সেনা ও তিন জঙ্গি নিহত হয়। ২০১৭ সালে তেহরানে পার্লামেন্ট ভবন ও ইরানি রেভ্যুলুশনারি গার্ডের একটি জাদুঘরে আইএস’র হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়। সূত্র: রয়টার্স।