চলতি মাসের শেষ দিকে ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুষ্ঠিতব্য বৈঠকে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে এই কথা জানান।
সেপ্টেম্বর মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করছেন নিকি হ্যালে। তিনি বলেন, ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি চাইলে এই বৈঠকে কথা বলতে পারেন।
২০১৫ সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তির পর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিল যুক্তরাষ্ট্র। গত মে মাসে ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। এখন সেসব নিষেধাজ্ঞাই আবার আরোপ করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামরিক প্রভাবের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তেহরানের বিরোধ বেড়েছে।
১৮ সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশন শুরু হওয়ার কথা। আর ২৪ সেপ্টেম্বর উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেবেন অধিবেশনে। এর দুইদিন পরে যোগ দেবেন ট্রাম্প। নিকি হ্যালি বলেন, শুক্রবার সিরিয়ার ইদলিব নিয়ে রাশিয়া-তুরস্ক-ইরান বৈঠক নিয়েও আলোচনা হবে জাতিসংঘে। তিনি বলেন, আমরা আশা করি, অভিযান শুরু আগেই আমরা থামিয়ে দিতে পারবো।