আলোচনার জন্য প্রতিনিয়ত বার্তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রশাসন প্রতিনিয়ত বার্তা পাঠাচ্ছে। আবার একইসঙ্গে তারা চাপ সৃষ্টি করছে। তারা ইরানের ওপর অর্থনৈতিক ও প্রচার যুদ্ধ চালাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের নেতারা যদি মনে করে থাকেন যে, চাপের কাছে তেহরান নতি স্বীকার করবে, তাহলে তারা ভুল করছেন। ইরানের জনগণ অর্থনৈতিক সংকট ও মার্কিন চাপ মোকাবেলা করবে। শনিবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

হাসান রুহানিহাসান রুহানি বলেন, টানা এমন কোনও ১৫ দিন যায় না; যখন আমেরিকা থেকে আমাদের কাছে বার্তা না আসে। আমরা যে কোনও কিছুর জন্যই আলোচনা চাই এবং ইস্যুগুলোর সমাধান চাই। কিন্তু আমরা কোনটা বিশ্বাস করবো? আপনাদের কোমল বার্তাগুলো, নাকি বর্বর কাজগুলো? যদি আপনারা সত্যবাদী হন এবং ইরানের জনগণকে পছন্দ করেন তাহলে তাদের ওপর চাপ সৃষ্টি করেন কেন?

তিনি বলেন, যদি আপনারা মনে করেন যে, দুই মাস, তিন মাস, চার মাস অথবা এক বছর পর চাপের কাছে নতি স্বীকার করে ইরানের জনগণ রাস্তায় নেমে এসে হাত তুলে বলবে যে, আমরা আমেরিকা ও হোয়াইট হাউসের কাছে আত্মসমর্পণ করলাম, তাহলে তা হবে আপনাদের ভুল ধারণা।

ইরান-ইরাক যুদ্ধের কথা উল্লেখ করে হাসান রুহানি বলেন, ইরান এখন আরেক যুদ্ধক্ষেত্রে রয়েছে। এ যুদ্ধ অর্থনীতির যুদ্ধ, মনস্তাত্ব্কি ও প্রচারণার যুদ্ধ। তেহরান যুদ্ধের অগ্রভাগে রয়েছে। আমরা এখন সবাই যুদ্ধের ময়দানে রয়েছি। সূত্র: পার্স টুডে।