জেরুজালেম থেকে দূতাবাস না সরাতে প্যারাগুয়েকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলি দূতাবাস জেরুজালেম থেকে তেল আবিবে না সরাতে প্যারাগুয়ে সরকারকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে প্যারাগুয়ের প্রেসিডেন্ট মারিও আব্দো বেনিতেজকে আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্যারাগুয়ের ‘ঐতিহাসিক’ সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে বেনিতেজকে রাজি করানোর চেষ্টা চলছে। হোয়াইট হাউসের বিবৃতিকে উদ্ধৃত করে টাইমস অব ইসরায়েলের করা এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

গত ৬ সেপ্টেম্বর থেকে জেরুজালেমে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে কার্যক্রম বন্ধ করে দেয় প্যারাগুয়ে
গত বছরের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলস্থ মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়ারও ঘোষণা দেন তিনি। ঘোষণা অনুযায়ী, পরবর্তীতে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হয়। এ নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। বেশিরভাগ দেশই ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান জানিয়ে নিজেদের দূতাবাস জেরুজালেমে রেখে দিলেও তখন প্যারাগুয়ের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হয়। তবে এরইমধ্যে প্যারাগুয়েতে ক্ষমতার পালাবদল হয়েছে। দায়িত্বগ্রহণ করেছেন নতুন প্রেসিডেন্ট মারিও আব্দো বেনিতেজ। বুধবার (৫ সেপ্টেম্বর) প্যারাগুয়ে সরকার ঘোষণা দেয়, দূতাবাসটি আবার জেরুজালেম থেকে তেল আবিবে সরিয়ে নেওয়া হবে। আর এতে ক্ষুব্ধ হয়ে ইসরায়েল। এক বিবৃতিতে প্যারাগুয়েকে সতর্ক করে বলা হয়, এতে করে দুই দেশের সম্পর্কের অবনতি হবে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে জানা গেছে, ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরইমধ্যে প্যারাগুয়ের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। বলেছেন, জেরুজালেমে দূতাবাস থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে প্যারাগুয়ের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের প্রতীক হিসেবে পূর্বে দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিয়েছিল প্যারাগুয়ে। দেশটির পূর্বের এ অঙ্গীকারটি অনুসরণ করতে প্রেসিডেন্ট বেনিতেজকে দৃঢ়ভাবে উৎসাহিত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।’

পেন্সের সঙ্গে ফোনালাপে ইসরায়েলের সঙ্গে প্যারাগুয়ে ‘দীর্ঘস্থায়ী সমাপর্ক বজায়’ রেখেছে বলে উল্লেখ করেন বেনিতেজ। ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত নিরসনে একটি টেকসই সমাধান বের করতে সমন্বিতভাবে কাজ করার ব্যাপারেও সম্মতি জানিয়েছেন তিনি। তবে দূতাবাস সরানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পেন্সের অনুরোধের প্রতি বেনিতেজ সাড়া দিয়েছেন কিনা সে ব্যাপারে জানা যায়নি।