‘গোপন পারমাণবিক গুদামে’ তৎপরতা চালাচ্ছে ইরান: নেতানিয়াহু

ইরানের একটি ‘গোপন পারমাণবিক গুদাম’ শনাক্ত করার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ সংক্রান্ত একটি স্যাটেলাইট চিত্র প্রদর্শন করেন। তার দাবি, ‘গোপন পারমাণবিক গুদামটি’ তেহরানে অবস্থিত। সেখানে পারমাণবিক সরঞ্জামাদি ও তেজস্ত্রিয় উপকরণ আছে। ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপেরও আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।

একটি স্যাটেলাইট চিত্র প্রদর্শন করছেন নেতানিয়াহু
বৃহস্পতিবার জাতিসংঘের ৭৩-তম সাধারণ অধিবেশনের তৃতীয় দিনের বিতর্কপর্বে বক্তব্য দেন বেনিয়ামিন নেতানিয়াহু। সেসময় তিনি দাবি করেন, গোপন একটি পারমাণবিক কেন্দ্রে তৎপরতা চালাচ্ছে ইরান। প্রমাণ হিসেবে একটি স্যাটেলাইট চিত্র উপস্থাপন করেন নেতানিয়াহু। সেখানে একটি দেয়াল ও মেটালের গেট দেখা গেছে। নেতানিয়াহুর দাবি, এটি ইরানের সে গোপন পারমাণবিক কেন্দ্রের বাইরের দিক। তিনি বলেন, ‘ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি ও উপকরণ সংরক্ষণের জন্য একে গোপন পারমাণবিক গুদাম হিসেবে ব্যবহার করা হয়।’ তবে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করেননি নেতানিয়াহু।

২০১৫ সালের জুনে তেহরানের সঙ্গে পরমাণু ইস্যুতে বিশ্বের ছয় শক্তিধর দেশ চুক্তি স্বাক্ষর করে। ভিয়েনায় নিরাপত্তা পরিষদের ৫ সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য,ফ্রান্স,রাশিয়া,চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে গেলেও পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয় তারা। গত মে মাসে পূর্বসূরী ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে তা থেকে সরে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  

২০১৫ সাল থেকেই পারমাণবিক তৎপরতা পর্যবেক্ষণকারী সংগঠন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) দাবি করে আসছে, পারমাণবিক তৎপরতা সীমিত করতে সমন্বিত কর্ম পরিকল্পনা মেনে চলছে ইরান। সর্বশেষ গত আগস্টে প্রকাশিত ত্রিমাসিক প্রতিবেদনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানায়,ইরান তাদের শর্ত অনুযায়ী সীমিত ইউরেনিয়াম তৈরি ও মজুদ রেখেছে। 

তবে তা মানতে রাজি নয় যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল। পারমাণবিক গুদামের অস্তিত্ব থাকার অভিযোগটি খতিয়ে দেখতে বৃহস্পতিবার আইএইএ-কে আহ্বান জানিয়েছেন নেতানিয়াহু।