বাণিজ্য যুদ্ধ নিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে চীনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কাঁচের টুকরোর মতো ভেঙ্গে পড়তে পারে হুঁশিয়ারি দিয়েছে চীন। বিশ্বের অন্যতম বড় মঞ্চ জাতিসংঘ সাধারণ পরিষদের দেশটির তরফে ট্রাম্প প্রশাসনকে জানিয়ে দিয়েছে বাণিজ্য যুদ্ধে পিছু হটবে না তারা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তার দেশ কারো ব্ল্যাকমেইলের শিকার হবে না বা চাপের কাছে নতি স্বীকার করবে না। বিশ্ব নেতাদের উপস্থিতিতে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি বলেন, সংরক্ষণবাদ শুধু একজনকেই আঘাত করতে পারে আর এক পক্ষীয় পদক্ষেপ সবার ক্ষতির কারণ হবে।জাতিসংঘ সাধারণ অধিবেশনে চীনের পররাষ্ট্রমন্ত্রী

চলতি সপ্তাহে চীনের পণ্যের ওপর আবারও শাস্তিমূলক শুল্ক বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংও একই ধরণের পদক্ষেপ নেওয়ায় বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধের তীব্রতা বেড়েছে। ওই সময়ে ট্রাম্প আবারও পূর্বের অবস্থানে অনড় থেকে আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে হস্তক্ষেপে চীনকে অভিযুক্ত করেন। তার দাবি ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির বিরোধীতার জন্যই এই নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় চীন। এই অভিযোগের বিষয়ে বড় কোনও প্রমাণ দিতে পারেননি তিনি। চীন এই অভিযোগকে অসত্য বলে দাবি করেছে।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের ভাষণ ছাড়াও ওয়াং নিউ ইয়র্কে অপর এক পার্শ্ব বৈঠকে বলেছেন, সম্পর্ক স্বাভাবিক হওয়ার চার দশক পরে চীন-মার্কিন সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছিল। তিনি বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক একটি সাধারণ সম্পদ। এটা অবশ্যই রক্ষা করা উচিত এবং এর মূল্যায়ন হওয়া উচিত। এটা কয়েক প্রজন্মের মানুষের উদ্যোগের ফসল। এটা কাঁচের মতো। ভেঙে ফেলা সহজ, কিন্তু জোড়া লাগানো কঠিন।

সূত্র: গার্ডিয়ান