মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, অবিলম্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা শুরু করতে চায় ভারত। ট্রাম্পের দাবি, তাকে খুশি করার জন্য ভারত এ আলোচনা চায়। ভারতের বিরুদ্ধে চড়া শুল্ক আরোপের অভিযোগ এনে দেশটিকে শুল্ক রাজা আখ্যা দিয়েছেন তিনি। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মধ্যে বাণিজ্য চুক্তির কথা ঘোষণা করার পর এক সংবাদ সম্মেলনে ভারতকে নিয়ে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১ অক্টোবর) মার্কিন পণ্যের ওপর শুল্কের হার বাড়িয়ে দেওয়ার কারণে ভারতকে একহাত নিয়ে ট্রাম্প বলেন, ভারত তাকে খুশি করার জন্য বাণিজ্য চুক্তি করতে চায় প্রাথমিকভাবে। তিনি বলেন, ভারত আলোচনা করতে চায়। কারণ, দেশটি ‘আপনাদের প্রেসিডেন্টকে খুশি করতে চায়’।
ভারতকে কেন শুল্ক রাজা আখ্যা দিয়েছেন সে ব্যাপারে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘ভারত অনেক অনেক উচ্চ শুল্ক আরোপকারী দেশ। সত্যিকার অর্থে তারা উচ্চ শুল্ক আরোপ করে। মোটরসাইকেলের ওপর তারা শতভাগ শুল্ক আরোপ করে, যা অনেক বেশি। এটি একরকম প্রতিবন্ধকতা।’
ভারত আগের চেয়ে শুল্ক কমিয়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে তার দাবি, ভারতের শুল্ক হার এখনও অনেক বেশি।