গাজার দুই জেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েল

গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় উপকূল থেকে দুই ফিলিস্তিনি জেলেকে গ্রেফতার করেছে ইসরায়েল। শনিবার মাছ ধরার সময় তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় কৃষি কাজ কমিটি ইউনিয়নের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি মাছ ধরার নৌকা

খবরে বলা হয়, গাজা উপত্যকার উত্তরাঞ্চলের আল-সুদানিয়া জেলায় সৈকত থেকে দু্ই ন্যাটিক্যাল মাইল দূরে মাছ ধরছিল ওই দুই জেলে। ওই সময় ইসরায়েলি নৌবাহিনীর সদস্যরা তাদের গ্রেফতার করে। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর কোনও বক্তব্য খবরে জানানো হয়নি।

ফিলিস্তিনিদের হিসাব মতে, গাজার প্রায় ৫০ হাজার অধিবাসী মাছ ধরে জীবীকা নির্বাহ করে থাকে। ২০০৭ সালে অবরোধ আরোপের পর থেকে গাজা উপকূল থেকে ৩ ন্যাটিক্যাল মাইল পর্যন্ত ফিলিস্তিনি জেলেদের মাছ ধরতে দিতো ইসরায়েলি বাহিনী। তবে ২০১৪ সালে গাজায় বোমা হামলার পর থেকে ৬ ন্যাটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরার অনুমতি দেয়। ২০১৪ সালের ওই হামলায় গাজার কমপক্ষে ২১৫০ জন বাসিন্দা নিহত হয়। গত মে মাসে ইসরায়েলি কর্তৃপক্ষ সীমানা বাড়িয়ে সাগরের ৯ ন্যাটিক্যাল মাইল পর্যন্ত ফিলিস্তিনি জেলেদের মাছ ধরার অনুমতি দেয়।

ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করে আসছে, ইসরায়েলি বাহিনী প্রায় সীমানা লঙ্ঘনের অভিযোগে ফিলিস্তিনি জেলেদের গুলি করে থাকে।