ফিলিস্তিনির গুলিতে দখলীকৃত পশ্চিমতীরে ৩ ইসরায়েলি আহত

দখলীকৃত পশ্চিমতীরে এক ফিলিস্তিনির গুলিতে ৩ ইসরায়েলি আহত হয়েছে। ইসরায়েলি মিডিয়া খবর দিয়েছে, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। পশ্চিমতীরে অবৈধভাবে নির্মিত ইহুদি বসতির এক শিল্পাঞ্চলে এই আক্রমণ চালানো হয়। সন্দেহভাজনের খোঁজে অভিযান শুরু করেছে ইসরায়েলি পুলিশ।
noname

১৯৬৭ সালে দখলকরা পশ্চিমতীরের ভূমিতে ১৯৮০ সালে গড়ে তোলা হয় বারকান শিল্প পার্ক। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, হামলাকারী সেখানকার কালকিলওয়া শহরের বাসিন্দা। বারকানেরই এক শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করে ওই হামলাকারী। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, বারকানের শিল্পাঞ্চলে একজন নারী ও একজন পুরুষ ভয়াবহভাবে আহত হয়েছেন। আহত অপর নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে। ওই শিল্পাঞ্চলে ইসরায়েলি মালিকানার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন হাজার হাজার ফিলিস্তিনি।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তারা এখনও হামলাকারীকে শনাক্ত করতে পারেনি। তার খোঁজে জোরালো অভিযান চলছে।

ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের দখলদারিত্বকে স্বীকৃতি দেয় না। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত বসতিতে প্রায় ৬ লাখ ইসরায়েলি বসবাস করে। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনতার প্রতিরোধকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে আসছে ইসরায়েল।