প্রখ্যাত সৌদি সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন হিসেবে ১৫ জনের একটি গোয়েন্দা দলের নাম প্রকাশ করেছে তুরস্কের একটি সংবাদপত্র। বুধবার সরকার সমর্থক সংবাদপত্র সাবাহ সন্দেহভাজন এসব সৌদি নাগরিকের নাম ও জন্ম তারিখ প্রকাশ করে। তবে কীভাবে তারা এসব তথ্য হাতে পেয়েছে তা জানায়নি সংবাদপত্রটি। সৌদি সরকারের সমালোচক খাশোগিকে হত্যা বা অপহরণের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে আসছে সৌদি আরব। কিন্তু তুরস্কে আসা ১৫ নাগরিকের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি দেশটি।
গত সপ্তাহের মঙ্গলবার (২ অক্টোবর) জামাল খাশোগিকে শেষবারের মতো তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করতে দেখা যায়। আগামী মাসে তুর্কি বাগদত্তাকে বিয়ে করতে আগেরা স্ত্রীকে তালাক দেওয়ার আনুষ্ঠানিকতা সারতেই সেখানে গিয়েছিলেন তিনি। বাইরে অপেক্ষমান খাশোগির বাগদত্তা বলে আসছেন কনস্যুলেটে প্রবেশের পর বের হয়ে আসেননি তিনি। তুরস্কের সূত্রগুলোর বিশ্বাস সৌদি নীতির কড়া সমালোচক খাশোগিকে কনস্যুলেটের অভ্যন্তরেই খুন করা হয়েছে।
এর আগে তুরস্কের নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, খাশোগির কনস্যুলেটে প্রবেশের দিনেই কয়েকজন কর্মকর্তাসহ ১৫ জন সৌদি নাগরিকের একটি দল ইস্তানবুলে পৌঁছায়। পরে তারা তুরস্ক ছেড়ে চলে যায়।
বুধবার সাবাহ সংবাদপত্র ১৫ জন সৌদি নাগরিকের নাম ও জন্ম তারিখ প্রকাশ করে জানিয়েছে তারা ২ অক্টোবরর ইস্তানবুলের কামাল আতাতুর্ক বিমানবন্দরে আসে। পাসপোর্ট তল্লাশির সময় তোলা ছবির ভিত্তিতে সংবাদপত্রটি বলছে এদের বারোজন মঙ্গলবার সকালে পৌঁছায়। চারটি ভিন্ন ভিন্ন সময়ে এই ১৫ জন তুরস্ক ছেড়ে যায়।
সংবাদপত্রটি বলছে, এসব সৌদি নাগরিকেরা ইস্তানবুলে সৌদি কনস্যুলেটের কাছাকাছি এলাকার উইন্ধহাম ও মোভেনপিক হোটেলে অবস্থান করে। হোটেল দুটির কর্তৃপক্ষ সাবাহর খবরের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে। তবে একইদিন তুরস্কের একটি টেলিভিশন চ্যানেলে একটি ভিডিও প্রচার করা হয়। এনটিভি নামের চ্যানেলটির দাবি, ভিডিওতে সন্দেহভাজন ব্যক্তিদের বিমানবন্দরে আসা এবং হোটেলে চেক ইন করতে দেখা গেছে। তাদের প্রচারিত ভিডিওতে ইস্তানবুলের কনসাল জেনারেলের বাসভবনে একটি বড় ভ্যান আসতে দেখা যায়। টেলিভিশনটি বলছে, খাশোগি কনস্যুলেট ভবনে প্রবেশের দুই ঘণ্টা পর ওই ভ্যানটি কনসাল জেনারেলের বাসভবনে আসে।
সাবাহর খবরে প্রকাশ করা এক ব্যক্তির নাম ও ছবিকে সৌদি ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে চিহ্নিত করেছে। ওই ব্যক্তি সৌদি সোসাইটি অব ফরেনসিক মেডিসিন বোর্ডের সদস্য।