‘প্রধানমন্ত্রী মোদি ভগবান বিষ্ণুর একাদশতম অবতার’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভগবান বিষ্ণুর ‘একাদশতম’ অবতার বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্র বিজেপি’র মুখপাত্র অভধুত ওয়াঘ। শুক্রবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘সম্মানিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভগবান বিষ্ণুর একাদশতম অবতার।’ পরে এক মারাঠি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের দেশ ধন্য যে আমরা ভগবানের মতো একজন নেতা পেয়েছি। তার নাম নরেন্দ্র মোদি।’

নরেন্দ্র মোদিবিজেপি মুখপাত্রের এমন বক্তব্যের সমালোচনা করেছে বিরোধীরা। মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র অতুল লোনধে বলেন, এর মাধ্যমে ভগবান বিষ্ণুকে অপমান করা হয়েছে। তিনি বলেন, ‘এটা হারিয়ে যাওয়া রাজনৈতিক জমি ফিরে পাওয়ার একটা চাল। আমার মনে হয় না এই ধরণের মন্তব্যকে খুব একটা বেশি গুরুত্ব দেওয়ার কোনও দরকার আছে। এই মন্তব্য বরং বিজেপির নিম্নমানের সংস্কৃতির পরিচয় দিচ্ছে।’

এনসিপি বিধায়ক জীতেন্দ্র আওহাদও এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, ‘বিজেপি মুখপাত্র ওয়াঘ মুম্বাইয়ের অন্যতম বিখ্যাত ও প্রাচীন ইঞ্জিনিয়ারিং কলেজে বীরমাতা জীজাবাঈ টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। আমার মনে হয়, ওনার ডিগ্রি যাচাই করে দেখা উচিত সেটা সঠিক কিনা। তার মতো রাজনীতিবিদের কাছে এই ধরণের কথা আশা করা যায় না।’ সূত্র: দ্য ওয়াল।