সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে ধস নেমেছে সৌদি আরবের শেয়ার বাজারে। রবিবার সকালেই সেখানে শেয়ারের দাম পতন শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
জামাল খাশোগি একসময় সৌদি সরকারের উপদেষ্টা থাকলেও একপর্যায়ে সরকারের নানা কাজের সমালোচনা করা শুরু করেন এবং ২০১৭ সাল থেকে তিনি আমেরিকায় স্বেচ্ছা নির্বাসনে চলে যান। সেখানে তিনি ওয়াশিংটন পোস্টে কলামিস্ট হিসেবে কাজ করতেন। গত সপ্তাহে তিনি বিয়ে করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেট যান। কিন্তু ভবনে প্রবেশের পর তিনি আর বের হননি। তুরস্ক দাবি করছে, খাশোগিতে কনস্যুলেটের মধ্যেই হত্যা করে লাশ সরিয়ে ফেলেছে সৌদি আরব।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঙ্গীকার করেছেন, সৌদি আরব সাংবাদিক জামাল খাশোগি’কে খুন করেছে, এমনটা প্রমাণিত হলে দেশটিকে কঠিন শাস্তি দেওয়া হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিবিএস-এর ‘সিক্সটি মিনিট’ অনুষ্ঠানে তিনি বলেন, আমরা ঘটনার তলানিতে যাচ্ছি। এছাড়া সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ ঘটনাকে কেন্দ্র করে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে সৌদি আরব। ইতোমধ্যে দেশটির বিনিয়োগ বিষয়ে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতনামা বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যম।
রাজনৈতিক স্পর্শকাতরতার কারণে একজন উপসাগরীয় অর্থায়ন নির্বাহী বলেন, সৌদি আরব ও আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষেট্রর সম্পর্ক নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বড় উদ্বেগের বিষয় হয়ে দেখা দিয়েছে।
রবিবার বাজার শুরু হওয়ার প্রথম ঘণ্টায়ই সৌদি শেয়ারের দামে ৪ শতাংশ পতন ঘটে। সৌদির আল রাজি ব্যাংকের শেয়ার দাম ৫.৩ শতাংশ কমেছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম রাসায়নিক কোম্পানি সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের শেয়ারের দাম কমেছে ৪ শতাংশ। আর সৌদি আরবের সবচেয়ে বেশি সম্পদশালী ব্যাংক ন্যাশনাল কমার্সিয়াল ব্যাংকের শেয়ারের দাম ৫.৫ শতাংশ কমেছে।
সৌদি আরবের শেয়ারের দাম কমলেও একই দিন বেড়েছে আরব আমিরাতের শেয়ারের দাম।