পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন খাশোগি!

 

সৌদি আরব খাশোগি হত্যাকাণ্ডকে কয়েকজস গোয়েন্দা কর্মকর্তার অপরিকল্পিত আকষ্মিক কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চাইলেও তুরস্কের উচ্চপর্যায়ের একটি সূত্র বলছে, পরিকল্পিতভাবেই তাকে খুন করা হয়েছে। সে দেশের সংবাদমাধ্যমগুলোকে ওই সূত্র জানিয়েছে, এ সংক্রান্ত পর্যাপ্ত ও জোরালো তথ্যপ্রমাণ তাদের হাতে রয়েছে।
noname

২ অক্টোবর ইস্তানবুলের কনস্যুলেট ভবনে প্রবেশের পর থেকে নিখোঁজ ছিলেন। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে অস্বীকারের পর গত ১৯ অক্টোবর (শুক্রবার) রিয়াদ কনস্যুলেট ভবনে খাশোগি হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার স্বীকারোক্তি দেয়। তারা দাবি করে, গোয়েন্দা স্কোয়াডের সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি নিহত হন। ওই ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করার খবরও জানায় সৌদি আরব। পরে দেশটি জানায়, কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াই ১৫ সদস্যের গোয়েন্দা স্কোয়াড নীতিবর্জিত অবস্থান থেকে খাশোগিকে খুন করেছেন। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর দাবি করেন, ওই গোয়েন্দা সদস্যরা ‘ভুলবশত’ খাশোগিকে খুন করার পাশাপাশি ঘটনাটি আড়াল করতে চেয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগও নাকচ করে দেন তিনি। তার ভাষ্য, জামাল খাশোগিকে হত্যার ঘটনায় দায়ীদের সাজা দিতে সৌদি আরব বদ্ধপরিকর।

তবে তুর্কি সরকারের ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলোকে তুর্কি কর্মকর্তারা বলেছে, তারা এমন সব শক্ত ও বিপুল প্রমাণ সংগ্রহ করেছেন, যাতে দেখা যায় খাশোগি পূর্বনির্ধারিত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এর আগে তুর্কি কর্তৃপক্ষ জানায়, খাশোগিকে নির্যাতন, হত্যা এবং টুকরো টুকরো করে ফেলার প্রমাণ রয়েছে তাদের কাছে। ১৫ সদস্যের একটি হিট স্কোয়াড টিম এই হত্যাকাণ্ড ঘটায়।

এসব বিষয়ে তথ্য প্রমাণ হাতে থাকার ইঙ্গিত দিয়ে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ঘোষণা দিয়েছেন, এই ঘটনার  বিস্তারিত প্রকাশ করা হবে। মঙ্গলবার পার্লামেন্ট ভাষণে তিনি বিষয়টি সবার সামনে উপস্থাপন করবেন। সৌদি আরবের নতুন যুক্তি প্রতিক্রিয়ায় এরদোয়ান  প্রশ্ন করেন, ‘এই ১৫ জন কেন এখানে এসেছিল? কেন ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে? তিনি এসব কিছুরই বিস্তারিত ব্যাখ্যা দিতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান।