ইয়েমেনে সবজি বাজারে সৌদি বিমান হামলায় নিহত ১০

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের হোদেয়াহ প্রদেশের এক সবজি বাজারে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় অন্তত ১০ কৃষক নিহত হয়েছেন। এছাড়া শহর থেকে ৭০ কিলোমিটার দূলে পৃথক এক হামলায় আরও ৯ জন প্রাণ হারিয়েছেন। প্রদেশের স্বাস্থ্যকর্মী ও বাসিন্দাদের ‍বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

63c1b53396a040fcac941c3de055d166_18

যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। তাদের উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে স্থিতিশীল করা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হাদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে।এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।

বৃহস্পতিবারের হামলার ব্যাপারে হুথি বিদ্রোহীরা দাবি করেছে, হামলায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

গত জুন থেকে হোদেয়াহ প্রদেশ দখলে অভিযান চালাচ্ছে সৌদি ও আরব আমিরাতের সামরিক বাহিনী। এখানকার বন্দর দিয়েই আন্তর্জাতিক বাণিজ্য চলে এবং ত্রাণ আসে। সৌদি জোটের দাবি, এই বন্দর দিয়েই হুথিদের অস্ত্র সরবরাহ করছে ইরান।

হোদেয়াহ বন্দর নিয়ে চলা চারমাসের যুদ্ধে প্রায়ই বেসামরিক নিহত হয়।