ইন্দোনেশিয়ায় ১৮৯ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া বিমানটি জাকার্তায় ফিরে যাওয়ার চেষ্টা করেছিলো বলে জানান দেশটির কর্মকর্তারা। ইন্দোনেশিয়ার বিমান কর্তৃপক্ষের মুখপাত্র ইয়োহানেস সিরাইত বলেন, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কিছুক্ষণ আগেও তারা ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছিলো।
সোমবার ইন্দোনেশিয়ায় ১৮৯ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়। লায়ন এয়ারের জেটি-৬১০ ফ্লাইটটি জাকার্তা বিমানবন্দর থেকে দেশটির দ্বীপ শহর পাঙকাল পিনাঙয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিল। কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মাথায় সাগর পাড়ি দেওয়ার সময় নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সিরাইত বলেন, বিমান ট্রাফিক কন্ট্রোল তাদের অবতরণের অনুমতিও দিয়েছিলো। কিন্তু এরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ইন্দোনেশিয়ার ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ সাংবাদিকদের জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত। লায়ন এয়ার ইন্দোনেশিয়ায় স্বল্প বাজেটের বিমান পরিবহন সংস্থা হিসেবে পরিচিত। দুর্ঘটনাকবলিত বিমানটি বোয়িং ৭৩৭ মডেলের বলে জানা গেছে।
এর আগে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর ১৬২ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরগামী এয়ার এশিয়ার একটি উড়োজাহাজ জাভা সাগরে বিধ্বস্ত হয়।