ইয়েমেন যুদ্ধে প্রতি ৩ ঘণ্টায় একজন প্রাণ হারান

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে চলতি বছরের আগস্ট থেকে প্রতি তিন ঘণ্টায় অন্তত একজন মানুষ প্রাণ হারাচ্ছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম।

সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলার পর একটি গাড়ির ধ্বংসাবশেষের সামনে দাঁড়ানো এক কৃশকায় শিশু।

যুক্তরাষ্ট্রের সহায়তায় ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। তাদের উদ্দেশ্য, দেশটির আন্তর্জাতিকভাবে বৈধ হিসেবে স্বীকৃত প্রেসিডেন্ট আবু রাব্বু মানসুর হাদির সরকারকে স্থিতিশীল করা। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা হাদি সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে।এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন।

অক্সফাম জানায়, দেশটিতে যুদ্ধের কারণে গড়ে প্রতি তিন ঘণ্টায় একজন মানুষ মারা যাচ্ছেন। সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে এই ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলোকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানায় সংস্থাটি।

মানবাধিকার সংস্থাটি জানায়, চলতি বছর আগস্ট থেকে যুদ্ধের কারণে প্রতি তিন ঘণ্টায় একজন নিহত হচ্ছেন। এছাড়া ক্ষুধা ও অসুস্থতায়ও মৃত্যু হচ্ছে অনেকের।

অক্সফাম জানায়, সিভিলিয়ান ইমপ্যাক্ট মনিটরিং প্রজেক্ট  এর পরিসংখ্যান অনুযায়ী ১ আগস্ট থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১৩৬ শিশুসহ অন্তত ৫৭৫ বেসামরিক প্রাণ হারিয়েছেন।