সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ক্ষেত্রে ইসরায়েলে তৈরি স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছে বলে জানালেন আলোচিত সাবেক মার্কিন গোয়েন্দা এডওয়ার্ড স্নোডেন।
২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। ১৯ অক্টোবর মধ্যরাতে প্রথমবারের মতো সাংবাদিক জামাল খাশোগি নিহত হওয়ার কথা স্বীকার করে সৌদি আরব। তবে হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান কিংবা অন্য কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটি। তবে সৌদি আরবের এমন দাবি মানছে না তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়।
স্নোডেন বলেন, এনএসও এই প্রযুক্তি মূলত সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ক্ষতি করার জন্যই বিক্রি করা হয়। তিনি বলেন, ‘এটা শুধু অপরাধীদের আটক কিংবা সন্ত্রাসীদের দমনের উদ্দেশ্যে করা হয় না, বরং টাকা আয়ের উদ্দেশ্যে করা হয়। আর এতে করে প্রাণ হারান অনেকে।
এনএসও গ্রুপের দাবি, তাদের পেগাসাস স্পাইওয়্যার অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সহায়তা করবে। এটি গোয়েন্দাদের জন্য তৈরি করা হয়েছে বলেও দাবি করা হয়।
ইসরায়েলি সরকারের নজরদারি প্রযুক্তি নিয়ে সতর্ক করে স্নোডেন আরও বলেন, যুক্তরাষ্ট্রে যা হচ্ছে তাদের দেশেও তা-ই হচ্ছে। যুক্তরাষ্ট্রের মতোই ব্যক্তিগত তথ্যে হানা দিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র যা করছে তা-ই করার চেষ্টা করছে তারা।