ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র পাঠানো দূতের সঙ্গে দেখা করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে তারা বৈঠক করেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।
এসপিএ’র খবরে বলা হয়, বৈঠক বাদশাহ সালমান ব্রিটিশ দূত সাইমন ম্যাকডোনাল্ডের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে কথা বলেছেন। তবে ওই খবরে আলোচনার বিস্তারিত কিছু জানানো হয়নি।
বৈঠককালে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের ও রিয়াদে ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন কলিন্সসহ শীর্ষ সৌদি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত মাসে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর এটাই কোনও জ্যেষ্ঠ ব্রিটিশ কর্মকর্তার সৌদি আরব সফর।
২ অক্টোবর ইস্তানবুলে সৌদি কনস্যুলেট ভবনে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগি। কনস্যুলেট ভবনে তার হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার কথা স্বীকার করলেও এর সঙ্গে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান কিংবা অন্য কোনও ঊর্ধ্বতন কর্মকর্তার সংশ্লিষ্টতার অভিযোগ নাকচ করে আসছে দেশটি। তবে সৌদি আরবের এমন দাবি মানছে না তুরস্কসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের বড় অংশ। ইউরোপীয় দেশগুলো এ ইস্যুতে রিয়াদের বিরুদ্ধে সোচ্চার হয়। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে বাধ্য হন।
খাশোগি হত্যাকাণ্ডের কারণে কূটনৈতিক ক্ষেত্রে অনেকটাই একা হয়ে পড়েছে সৌদি আরব। এরই মধ্যে সৌদি আরব সফরে গেলেন থেরেসা মে’র পাঠানো ব্রিটিশ দূত।