লিবিয়ায় আইএসের হামলায় নিহত ৯

লিবিয়ার দক্ষিণাঞ্চলের মরুভূমির শহর তাজেরবোতে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। ওই সময় তারা বেশ কয়েকজনে অপহরণ করে নিয়ে যায়। দেশটির কর্মকর্তা বলছেন, জঙ্গিগোষ্ঠী আইএস এ ঘটনা ঘটিয়েছে।

unnamed

একটি সামরিক সূত্রের উদ্বৃতি দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার হামলাকারীরা শহরটির একটি থানা দখল করে নেয়। পরে স্থানীয় বাসিন্দারা তাদের তাড়িয়ে দেয়।  সূত্রটি আরও জানায়, এই হামলাকারীরা আইএস সদস্য বলে মনে করা হচ্ছে।

সাহারা মরুভূমিতে ভ্রমণে বের হওয়া পর্যটকদের বিশ্রামের জন্য শহরটি ব্যবহার করা হয়ে থাকে। শহরটির ওয়েব সাইটে ৬ জন বাসিন্দার ছবি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, হামলায় এই ৬ জন নিহত হয়েছে। শহরের একজন বাসিন্দা বলেন, ওই হামলায় ৯ জন নিহত হয়েছে আর ১০ জন আহ্ত হয়েছে। এছাড়া হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক বাসিন্দাকে অপহরণ করে নিয়ে গেছে।

২০১৬ সালের শেষ দিকে লিবিয়ার উপকূলীয় শহর সিরতের নিয়ন্ত্রণ হারানোর পর থেকে আইএস তাজেরবোতে বেশ কয়েকবার হামলা চালিয়েছে।