আঞ্চলিক সফরের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের পর এবার বাহরাইন সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। রবিবার (২৫ নভেম্বর) বাহরাইনের বাদশাহ হামাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মানামাকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি খবরটি জানিয়েছে।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) থেকে আঞ্চলিক সফর শুরু করেছেনসৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিনসংযুক্ত আরব আমিরাতে যান সৌদি যুবরাজ।সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সংকট শুরু হওয়ার পর সরকারিভাবে এটিই যুবরাজের প্রথম বিদেশ সফর। এবার সেই আঞ্চলিক সফরের অংশ হিসেবে রবিবার (২৫ নভেম্বর) বাহরাইনে যাবেন বিন সালমান।
বাহরাইনের রাজ দরবারের বিবৃতিকে উদ্ধৃত করে শনিবার (২৪ নভেম্বর) মানামায় প্রকাশিত প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। রাজ দরবারের বিবৃতিতে বলা হয়, বাদশাহ হামাদের সঙ্গে বৈঠকে আঞ্চলিক, আরব ও আন্তর্জাতিক বিশ্বের ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করবেন সৌদি যুবরাজ। পাশাপাশি দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিয়েও আলোচনা করবেন তারা।
খাশোগি হত্যার ঘটনায় সন্দেহের তীর উঠেছে সৌদি যুবরাজের দিকেও। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক চাপের মুখে আছেন তিনি। ৫৯ বছর বয়সী খাশোগি একসময় সৌদি রাজপরিবারের ঘনিষ্ঠ ব্যক্তি থাকলেও সাম্প্রতিক সময়ে সৌদি যুবরাজের কঠোর সমালোচকে পরিণত হন। গ্রেফতার এড়াতে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাচনে চলে যান খাশোগি। দ্বিতীয় বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গত ২ অক্টোবর ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়ে হত্যার শিকার হন খাশোগি। প্রথমে অস্বীকার করলেও পরে খাশোগি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে সৌদি আরব জানায়, ইস্তানবুলের কনস্যুলেটে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে খুন হন তিনি। এ ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতার অভিযোগও ওঠে। তবে সৌদি কর্তৃপক্ষ সে অভিযোগ নাকচ করে আসছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান খাশোগি হত্যার ঘটনায় সরাসরি সৌদি যুবরাজকে দায়ী না করলেও তিনি দাবি করেছেন,সৌদি আরবের ‘শীর্ষ পর্যায়’ থেকে হত্যার নির্দেশ এসেছে।
সম্প্রতি সৌদি প্রেস এজেন্সিতে রাজ দরবারের প্রকাশিত বিবৃতিতে বলা হয়,সৌদি যুবরাজ তার বাবা বাদশাহ সালমানের অনুরোধে কয়েকটি ‘ভ্রাতৃত্বপূর্ণ’ আরব দেশ সফর করবেন। তবে তার সফরের তালিকায় থাকা দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি। তিউনিসের প্রেসিডেন্সিয়াল সূত্রকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, মঙ্গলবার তিউনিসিয়ায় যাবেন সৌদি যুবরাজ। আগামী সপ্তাহে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য জি টুয়েন্টি সম্মেলনেও তার যোগ দেওয়ার কথা।