প্রতি বছর বিভিন্ন দেশ থেকে ভারতে চিকিৎসা নিতে যায় হাজার হাজার রোগী। আর এর সবচেয়ে বড় অংশই যায় বাংলাদেশ থেকে। তবে ভারতে গিয়ে অজ্ঞতার কারণে বিভিন্ন ঝক্কি-ঝামেলায় পড়তে হয় তাদের। বিদেশ থেকে ভারতে যাওয়া এসব রোগীদের সব ধরনের সেবা দিতে আত্মপ্রকাশ করেছে মেড ইন ইন্ডিয়া নামের একটি সংগঠন।
কলকাতাভিত্তিক এই উদ্যোক্তা সংগঠনটির প্রতিষ্ঠাতারা জানান, ভারতে চিকিৎসাজনিত ভ্রমণ অনেক বেড়ে গেলেও সেই সেবাদানের জন্য কোনও করপোরেট কাঠামো নেই। সেই শূন্যতা পূরণেরই লক্ষ্য থাকবে সংগঠনটির।
মেডইনইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত কাদির বলেন, ‘ভারতের চিকিৎসাজনিত ভ্রমণ বাড়ছে। এজন্য আমাদের দক্ষ চিকিৎসক ও স্বাস্থ্য সুবিধাকে ধন্যবাদ দিতেই হয়। কম খরচে উন্নত চিকিৎসার জন্য ভারত এখন নিজেদের অবস্থান শক্ত করেছে। সেই চাহিদা পূরণে আমরা তাদের পাশে থাকতে চাই।’
তিনি আরও বলেন, ‘২০২০ সালের মধ্যে ভারতে বছরে ৮০০ কোটি ডলারের চিকিৎসাসেবা দেওয়া হবে। কিন্তু এখনও এ ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হয় না। ট্রাভেল এজেন্ট, মধ্যসত্ত্বভোগীরা এর সুবিধা নেয়।’ রুবাইয়াতের মতে, বাংলাদেশ থেকে রোগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এই মধ্যসত্ত্বভোগীরা।
মেড ইন ইন্ডিয়া এসব রোগীদের ভিসা দেওয়া, অ্যাপয়েনমেন্ট, থাকা-খাওয়া, যাতায়াতসহ সবকিছুর ব্যবস্থা করবে। রুবাইয়াত বলেন, ‘আমরা এক জায়গা থেকে সব সমস্যার সমাধান সূত্র দেওয়ার চেষ্টা করবো।’
রোগীরা কিভাবে তাদের সহায়তা নিবে এমন প্রশ্নে সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা পরিক্ষিত মজুমদার বলেন, ‘তারা সপ্তাহে সাতদিনই আমাদের ফোন দিতে পারবেন। অথবা ঢাকা কিংবা কলকতায় আমাদের অফিসে যোগাযোগ করলেও হবে। আমাদের ওয়েবসাইট মেডইনইন্ডিয়া ডট নেট (www.medinindia.net) এ খুবই স্বল্প খরচে নিবন্ধন সম্ভব। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সবকিছু চিন্তা করেই প্রত্যেক রোগীর সুস্থতা ও ভালো থাকা নিশ্চিত করবো।’
তিনি আরও বলেন, সংগঠনটির প্রাথমিক লক্ষ্য বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের সেবা নিশ্চিত করা। খুব শিগগিরই ভুটান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আফ্রিকার কিছু দেশ থেকে আসা রোগীদের সেবা দেওয়া হবে।
সংগঠনটির আরেক সহ-প্রতিষ্ঠাতা কার্ডিও-থোরাইক সার্জন ড. পারভেজ সুলতান বলেন, ‘আমরা অ্যাপোলো, আমরি, মেডিকা, প্রভা হেলথের মতো সেরা কিছু হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে যোগাযোগ তৈরি করেছি। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সার্জিকাল অনকোলজি, অর্থোপেডিকস, বারিয়াট্রিক সার্জারি, বোন ম্যারো প্রতিস্থাপন নিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে কথা বলেছি । তাদের রোগীদের কী প্রয়োজন জানার চেষ্টা করেছি। মেডইনইন্ডিয়া শুধু ভারতে নয়, যেকোনও স্থানে তাদের চিকিৎসার জন্য সহায়তা করতে পারে।