পশ্চিমতীরে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর

অবরুদ্ধ পশ্চিমতীরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।  ইসরায়েলের দাবি, সহিংস আচরণ করেছিলেন ওই ব্যক্তি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

thumbs_b_c_52f0d92123ee034d679808df6bea4b98

 

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানায়, পশ্চিমতীরের তুলকার্ম শহরে প্রবেশ করে কয়েকটি বাড়িতে অভিযান চালায়। এছাড়া একটি জনসমাগমেও অভিযান চালায় সেনা সদস্যরা।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সহিংস এক আন্দোলন ঠেকাতে তারা গুলি চালায়। তবে কোনও হতাহতের খবর নিশ্চিত করেনি তারা।  ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, তাদের সেনারা সেখানে দায়িত্ব পালন করছিলো। আর ওই জনসমাগম সহিংস হয়ে উঠেছিলো। তাদের সবার হাতেই পাথর ছিলো। সেনারা সহিংস পরিস্থিতি মোকাবিলায় তাজা গুলি ব্যবহারে বাধ্য হয় বলেও দাবি করেন তিনি।

 

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ২২ বছর বয়সী নিহত ফিলিস্তিনির মাথায় গুলি করা হয়েছিলো।

১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েল ফিলিস্তিনসহ অন্যান্য আরব রাষ্ট্রের একটা বড় অংশ দখল করে নেয়। পরে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী ইসরায়েলের সীমানা নির্ধারণ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হয়। তবে এই দ্বি-রাষ্ট্র সমাধান আজ পর্যন্ত আলোর মুখ দেখেনি। ফিলিস্তিনিরা চায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করা হোক। ‌আর ইসরায়েলের দাবি,জেরুজালেম অবিভাজ্য। ইসরায়েল-ফিলিস্তিন সংকট প্রশ্নে দীর্ঘদিন ধরেই স্বতন্ত্র দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠার নীতির পক্ষে সমর্থন জানিয়েছিল আসছিল যুক্তরাষ্ট্র। তবে সেই নীতি থেকে সরে এসে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইসরায়েলি দূতাবাস তেল আবিব থেকে জেরুজারেমে সরিয়ে নেওয়া হয়।