আগামী এক মাসের মধ্যে সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী আইএস দমনের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা আইএস নিয়ে অনেক অনেক ভালো কাজ করেছি। এখন অল্প কিছু জায়গায় তারা অবস্থান করছে। আগামী ৩০ দিনের মধ্যে তাও থাকবে না।
২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিস্তৃত অঞ্চল থেকে সরকারি বাহিনীকে সরিয়ে দিয়ে ‘খেলাফত’ ঘোষণা করে আইএস নেতা আবু বকর আল-বাগদাদি। তবে বিগত কয়েকমাসে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতির মুখে পড়ে সংগঠনটি। ইরাক ও সিরিয়ায় নিয়ন্ত্রিত বিস্তৃত অঞ্চলটির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। তবে ছোট ছোট কিছু এলাকায় এখনও নিয়ন্ত্রণ ধরে রেখেছে তারা।
ইরাক অ্যান্ড সিরিয়ায় জেনোসাইড অ্যাকাউন্টিবিলিটি বিল স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, আইএস প্রায় নির্মূল হয়ে গেছে। আগামী এক মাসে আর কোথাও থাকবে না তারা।
খিলাফত ভেঙে পড়ার এক বছরের বেশি সময় ধরে সংগঠনটির নেতা বাগদাদির অবস্থান নিয়েও রহস্য সৃষ্টি হয়েছে। বেশ কয়েকবার তার নিহতের খবর প্রচারিত হলেও তা একেবারে নিশ্চিত হওয়া যায়নি। ইরাক ও সিরিয়ায় বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারালেও গেরিলা হামলা অব্যাহত রেখেছে গোষ্ঠীটি।