আগামি বছরের জানুয়ারির মধ্যেই ইয়েমেন সরকার ও হুথি বিদ্রোহীদের মধ্যে তালিকাভূক্ত বন্দিদের বিনিময় সম্পন্ন হবে। গত সপ্তাহে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী মোট ১৬ হাজার মানুষের নামের তালিকা বিনিময় করেছে ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো। বুধবার দাতব্য প্রতিষ্ঠান রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি) এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, তালিকা যাচাইবাছাইসহ সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে দুই পক্ষ আর ৬ সপ্তাহ সময় পাচ্ছে।
২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদির রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের অভিযান শুরুর পর এ যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা জাতিসংঘের। বিশ্ব সংস্থাটি জানিয়েছে দেশটিতে কোটি কোটি মানুষ এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
তিন বছরের এই গৃহযুদ্ধ চলমান থাকা অবস্থায় গত ১১ ডিসেম্বর পরস্পরের হাতে আটক বন্দিদের মুক্তি দিতে চুক্তি স্বাক্ষর করে যুদ্ধরত পক্ষগুলো। বুধরাবের সংবাদ সম্মেলনে আইসিআরসি’র মধ্যপ্রাচ্য বিষয়ক আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিওজিও কার্বোনি বলেন, সুইডেনে অনুষ্ঠিত জাতিসংঘ শান্তি আলোচনায় দুই পক্ষের সম্মতির অংশ হিসেবে পারস্পরিক বিশ্বস্ততা বাড়াতে আগামী মাস থেকে ধারাবাহিকভাবে কারাবন্দিদের মুক্তি দেবে সৌদি জোট সমর্থিত ইয়েমেন সরকার ও ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।
সংবাদ সম্মেলনে আইসিআরসি’র মধ্যপ্রাচ্য বিষয়ক আঞ্চলিক পরিচালক ফ্যাব্রিওজিও কার্বোনি বলেন, যুদ্ধে লিপ্ত পক্ষগুলো ১৬ হাজার বন্দির তালিকা বিনিময় করেছে। এখন এই তালিকা নিশ্চিত করে আটক থাকা ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত করতে তাদের হাতে ছয় সপ্তাহ সময় রয়েছে। চুক্তি স্বাক্ষরের ৪০ দিন পর মুক্তিপ্রাপ্তদের সাক্ষাৎকার এবং তাদের স্থানান্তরের জন্য দশদিন সময় হাতে পাবেন তারা। তিনি বলেন, তারা আশা করছেন ইয়েমেনের বাইরে আটক হওয়া ব্যক্তি এবং ইয়েমেনে আটক হওয়া বেশ কিছু বিদেশি নাগরিককেও এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।
এর আগে গত ১২ ডিসেম্বর ইয়েমেন সরকারের বন্দি বিনিময় বিষয়ক কমিটির প্রধান হাদি হাইগ জানান, উভয় পক্ষের বন্দিদের নামগুলো যাচাই-বাছাই করা হবে। নিখোঁজ ব্যক্তিরাও এর আওতায় পড়বেন। এদিন তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু’র খবরে বলা হয় বন্দি বিনিময়ের জন্য সরকার পক্ষ থেকে তাদের হেফাজতে থাকা আট হাজার ৫৭৬ বন্দির একটি তালিকা দেওয়া হয়েছে। বিপরীতে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে দেওয়া তালিকায় নাম রয়েছে সাত হাজার ৪৮৬ জনের।