উপসাগরীয় সংকট সমাধানে রিয়াদের সঙ্গে আলোচনা চলছে: কুয়েত

উপসাগরীয় সংকট তথা সৌদি জোটের কাতারবিরোধী অভিযান নিয়ে রিয়াদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কুয়েত। বুধবার নিজের ডাচ সমকক্ষের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কুয়েতের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-হামাদ আল-সাবাহ। তিনি বলেন, উপসাগরীয় সংকট সমাধানে রিয়াদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কুয়েত।

শেখ সাবাহ আল-খালিদ আল-হামাদ আল-সাবাহ বলেন, সৌদি আরব একটি মহৎ ভাতৃপ্রতিম দেশ। আমরা সব সময়, সব জায়গায়, সব বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করি।

২০১৭ সালের ৫ জুন সৌদি জোটের কাতারবিরোধী অবরোধের ঘটনায় প্রথম থেকেই উত্তেজনা কমাতে উদ্যোগী হয় কুয়েত। বিরোধ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা নেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। সম্প্রতি জিসিসি সম্মেলনেও কাতারের অংশগ্রহণ নিশ্চিতে জোর তৎপরতা চালিয়েছে তার দেশ। সূত্র: আনাদোলু এজেন্সি।