অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের নিন্দায় ইইউ, তুরস্ক

ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে আরও ২২ শ অবৈধ ইহুদি বসতি স্থাপনের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও তুরস্ক। ইইউ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের এই সিদ্ধান্ত দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং শান্তি স্থাপনের সম্ভাবনাকে দুর্বল করে দিয়েছে।noname

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বসতি নির্মাণ এবং এ সম্পর্কিত কার্যক্রমের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান স্পষ্ট এবং তা অপরিবর্তিত রয়েছে। এ জাতীয় সব ধরনের বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইনে অবৈধ।

একই রকমের বক্তব্য এসেছে ফ্রান্স ও যুক্তরাজ্যের পক্ষ থেকেও। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের পদক্ষেপকে ‘অবৈধ সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, এ পদক্ষেপ পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘের এ সংক্রান্ত রেজল্যুশন এবং চতুর্থ জেনেভা কনভেনশনের লঙ্ঘন।

এর আগে ইসরায়েলি এনজিও এবং দেশটির সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইতোমধ্যেই ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে অবৈধ ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন কার্যক্রম পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা ‘পিস নাউ’। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, গত মঙ্গলবার ও বুধবার নতুন এ পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক কমিটি।

নতুন করে ২১৯১টি বসতি স্থাপনের প্রক্রিয়া এগুতে পারে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

এদিকে অবরুদ্ধ পশ্চিম তীরের রামাল্লাহ শহরে ফিলিস্তিনের স্পিকার আজিজ দায়োইককে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্পিকার বলেন, ‘বেথেলহেমে আমাকে কিছুক্ষণের জন্য আটকে রেখেছিলো ইসরায়েলি বাহিনী। তারা আমাকে রামাল্লায় প্রবেশ করতে দেয়নি।’

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, রামাল্লায় পার্লামেন্ট সদর দফতরের সামনে সংবাদ সম্মেলনে করার কথা ছিল স্পিকারের। দেশটির সাংবিধানিক আদালতের রায়ে পার্লামেন্ট বিলুপ্ত করা ও ছয় মাসের মধ্যে নির্বাচনের রায় নিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল তার। সূত্র: আল জাজিরা।