যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তীব্র শীতে এখন পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার শৈত্য প্রবাহে (পোলার ভর্টেক্স) তাপমাত্রা ছিলো মাইনাস ৫৬ ডিগ্রি ফারেনহাইট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পোলার ভার্টেক্স নামে পরিচিত দক্ষিণ মেরুর শীতল বাতাস অঞ্চলটি দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এই ঠান্ডা পড়েছে।এই তাপমাত্রায় দক্ষিণ মেরুর চাইতে বেশি শীত পড়েছে সেখানে। বরফে ঢাকা রয়েছে মহাসড়কগুলো। এ অবস্থায় উচ্চ মাত্রায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে পুলিশ। শিকাগোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে ড্যাকোটা থেকে ওহাইয়ো পর্যন্ত ডাক ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে।
কর্মকর্তারা বিভিন্ন এলাকায় মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। শিকোগোর জন এইচ স্ট্রগার হাসপাতালের চিকিৎসক পুলাকিদাস স্তাতিস বলেন, পূর্বে ১২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়েছিলো। এরপর ঠান্ডাজনিত সমস্যায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ৯ জন। তিনি বলেন, চলতি সপ্তাহেই হাসপাতালটিতে ঠান্ডাজনিত সমস্যায় ভর্তি হয়েছেন ২৫ জন।
নিহতদের মধ্যে আইওওয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীও রয়েছেন। শিকাগোসহ অন্যান্য শহরে উষ্ণ আশ্রয় কেন্দ্র তৈরি করা হচ্ছে। লোরেইনের কাউন্টি করোনোর স্টিফেন ইভান্স বলেন, ‘যদি আপনি উষ্ণ কোনও উৎসের কাছাকাছি না থাকেন তবে এই ঠাণ্ডায় বেঁচে থাকা খুবই কঠিন।
শিকাগোসহ মধ্য-পশ্চিমাঞ্চলে গতকাল ও আজ শিক্ষাপ্রতিষ্ঠানের সব ক্লাস ও মিশিগানে অফিস আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকটি শহরে ঘরহীন মানুষদের নিয়ে উদ্বেগ বিরাজ করছে। এসব মানুষের কোথাও যাওয়ার জায়গা নেই। অধিকারকর্মীরা বলছেন, গৃহহীন মানুষদের জন্য প্রয়োজনীয় আশ্রয় ও বিছানা একেবারে অপর্যাপ্ত।
শুক্রবার মধ্যাঞ্চলের কিছু জায়গায় শূন্য ডিগ্রির ওপরে তাপমাত্রা উঠতে পারে।