ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার ইরানি সংবাদমাধ্যমে জারিফ’কে লেখা রুহানি’র একটি চিঠি প্রকাশিত হয়। চিঠিতে ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, ‘আমার বিশ্বাস, আপনার পদত্যাগ গ্রহণ করা হবে দেশের স্বার্থবিরোধী পদক্ষেপ। সুতরাং আমি এটি প্রত্যাখ্যান করছি।’
ইনস্টাগ্রাম পেজে দেওয়া ওই পোস্টে অবশ্য পদত্যাগের কোনও কারণ উল্লেখ করেননি মোহাম্মদ জাওয়াদ জারিফ।
২০১৩ সালের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রেসিডেন্ট হাসান রুহানি জাতিসংঘে নিযুক্ত ইরানের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদ জাওয়াদ জারিফকে পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেন। ২০১৭ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর জারিফকে তার পদে বহাল রাখেন প্রেসিডেন্ট রুহানি। ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোহাম্মদ জাওয়াদ জারিফ। সূত্র: আল জাজিরা, পার্স টুডে।