ভারতের কর্ণাটক রাজ্যে এক ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। এখনও ৪০ জন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
এখন পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্তত তিনটি উদ্ধারকারী দল অবস্থন করছে সেখানে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলে জড়ো হয়েছে শত শত স্থানীয় জনতা।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ওই ভবনটিতে গত দুই বছর ধরে নির্মাণ কাজ চলছিলো। ধসের সময় তৃতীয় তলায় চলে নির্মাণ কাজ। প্রথম দুই তলায় প্রায় ৬০টি দোকানঘর ছিলো। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে আটকে পড়ার সংখ্যা ১৫০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়।
রাজ্যের মুখ্যমন্ত্রী এইচডি কুমারাসামী বলেন, তিনি প্রধান সচিবকে উদ্ধার কাজ নজরদারির নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে হেলিকপ্টার দিয়েও উদ্ধার অভিযান চালানো হবে।