মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নৈশভোজের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে আগামী জুনের গোড়ার দিকে তিন দিনের সফরে যুক্তরাজ্য যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সফরে তার সম্মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-র একটি নৈশভোজের কর্মসূচি রয়েছে। আর ওই নৈশভোজের আমন্ত্রণই ফিরিয়ে দিয়েছেন করবিন। শুক্রবার এক বিবৃতিতে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
লেবার নেতা বলেন, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ট্রাম্পের সঙ্গে যে কোনো বৈঠককে তিনি স্বাগত জানাবেন। তবে ওয়াশিংটনের সঙ্গে মিত্রতা টেকানোর জন্য ‘রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিকতা’ নিষ্প্রয়োজন।
বিবিসি জানিয়েছে, তিন দিনের সফরে আগামী ৩ থেকে ৫ জুন সস্ত্রীক যুক্তরাজ্যে অবস্থান করবেন ট্রাম্প। সফরে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ব্রিটিশ রানির আতিথেয়তা গ্রহণ করবেন। ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-এর সঙ্গেও বৈঠকে মিলিত হবেন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রপক্ষ কর্তৃক ইউরোপের মূল ভূখন্ডে স্থল অভিযান শুরুর ৭৫তম বার্ষিকী উপলক্ষ্যে পোর্টসমাউথে আয়োজিত এক অনুষ্ঠানেও অংশ নেবেন ট্রাম্প-মেলানিয়া দম্পতি।
১৯৪৪ সালের ৬ জুন, নাৎসি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে মিত্র বাহিনীর প্রায় ১ লাখ ৫৬ হাজার সদস্য ফ্রান্সে অবতরণ করেন। দিনশেষে প্রায় সাড়ে চার হাজার সেনার মৃত্যু হয়। ফ্রান্সের নরম্যান্ডির উপকূলে ডি-ডে নামে খ্যাত ওই অভিযানের মধ্যে দিয়ে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্র বাহিনীর বিজয়ের সূচনা হয়।
২০১৭ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তার দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশি নেতা হিসেবে ওয়াশিংটন সফর করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তবে ট্রাম্পকে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে আমন্ত্রণ না জানানোর দাবিতে ২০১৭ সালে একটি অনলাইন পিটিশন খোলা হয়েছিল। এতে স্বাক্ষর করেন প্রায় ১৯ লাখ ব্রিটিশ নাগরিক। পরে ২০১৮ সালের জুলাইয়ে তিন দিনের যুক্তরাজ্য সফরকালে রানি এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। তবে সে সময় রানি দ্বিতীয় এলিজাবেথের বাসভবনে রাজকীয় অনেক রেওয়াজ না মানার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।