ঈদুল ফিতরে ঈদগাহে হাজির হয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের মতো করে ভারতেও বুধবার ঈদ উদযাপিত হচ্ছে। মঙ্গলবার ঈদ উপলক্ষে রাজ্যবাসীকে সম্প্রীতির বার্তা দেওয়ার পর বুধবার মমতা ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করতে আসা মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।
Today, like previous years, I attended #Eid prayers at Red Road and exchanged greetings with all.
— Mamata Banerjee (@MamataOfficial) June 5, 2019
Some pictures of the occasion are uploaded here for all of you. #EidMubarak once again pic.twitter.com/I9gsNAZZuO
ঈদের দিনে কলকাতার রেড রোডে ঈদগাহে উপস্থিত হন মমতা। মুসলমান সম্প্রদায়ের সঙ্গে তার শুভেচ্ছা বিনিময়ের ছবি ফেসবুক ও টুইটার পাতায় শেয়ার করেছেন তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী। ঈদগাহে বাংলায় বক্তৃতা শুরুর পর উর্দুতে তিনি বৃষ্টি দেখিয়ে বলেন, মাসব্যাপী রোজার পর এটা মুসলমানদের জন্য আল্লাহর দান।
বহুদিন ধরে মমতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে মুসলিম তোষণের অভিযোগ করে আসছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। কয়েকদিন আগে রোজায় কলকাতা মিউনিসিপ্যাল করপোরেশন আয়োজিত ইফতার অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন মমতা। মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি মঙ্গলবার টুইটারে লিখেছেন, “সকলকে জানাই খুশির ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ধর্ম যার যার, উৎসব সবার। আসুন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি-এটাই হোক আমাদের মন্ত্র।”
একসময় পশ্চিমবঙ্গে মুসলমানদের বেশিরভাগ ভোট বামফ্রন্টের বাক্সে পড়লেও এখন তারা মমতার দল তৃণমূল কংগ্রেসে ঝুঁকেছে। তবে বিজেপি এবার পশ্চিমবঙ্গে তাদের অবস্থান মজবুত করছে। লোকসভা নির্বাচনে ১৮টি আসন জিতে রাজ্যের দ্বিতীয় শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে তারা।