ইরানের সেনাবাহিনী ইসলামিক রেভ্যুলশনারি গার্ড করপোরেশন (আইআরজিসি) ‘থার্ড খোরদাদ’ নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ‘গ্লোবাল হক’ মডেলের অত্যাধুনিক মার্কিন গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। আইআরজিসি’র প্রদত্ত তথ্যের ভিত্তিতে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের হরমোজগান রাজ্যের কুহমোবারক এলাকায় ‘আরকিউ-৪ গ্লোবাল হক’ নামে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে সে দেশের সেনাবাহিনী। প্রথমে অস্বীকার করলেও পরে পেন্টাগনের পক্ষ থেকে ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করা হয়েছে। তবে ইরানের আকাশসীমায় প্রবেশের অভিযোগ নাকচ করে তারা দাবি করেছে, আন্তর্জাতিক সীমার মধ্যে অবৈধভাবে ইরান তাদের ড্রোন ভূপাতিত করেছে।
আইআরজিসি’র প্রদত্ত তথ্যের ভিত্তিতে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা ফার্স দাবি করেছে, ২০১৪ সালে তাদের বহরে যুক্ত হওয়া ‘থার্ড খোরদাদ’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে মার্কিন ড্রোনটি ভূপাতিত করা হয়। মাঝারি পাল্লার এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সাহায্যে আকাশে মাঝারি উচ্চতায় থাকা যেকোনও আকাশযান বা ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করে তা ধ্বংস করা সম্ভব। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে একই সময়ে চারটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা যায়। পাশাপাশি এর মাধ্যমে ৭৫ কিলোমিটার দূরের এবং ২৭ কিলোমিটার উচ্চতায় থাকা লক্ষ্যবস্তুতে গুলি করা সম্ভব।
ফার্স নিউজ জানিয়েছে, শত্রুর কৌশলগত যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্য করে হামলা চালানোর জন্য এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করা হয়েছে। ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে এই ব্যবস্থা দিয়ে সহজেই শত্রুর অবস্থানে হামলা চালানো সম্ভব।