যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে আধঘণ্টার মধ্যে মার্কিন মিত্র ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। সোমবার ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের প্রধান মোজতবা জলনৌর এমন হুঁশিয়ারি দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ইয়েনি সাফাক।
সোমবার নাতাঞ্জ শহরে এক অনুষ্ঠানের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের সীমা বাড়ানোর কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসনা বার্তা সংস্থার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার জানা মতে ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের ৩০০ কেজির সীমা ছাড়িয়ে গেছে। আগেই এ পরিকল্পনার কথা ঘোষণা করেছিলাম। আমরা যে ঘোষণা দিয়েছি তা খুবই পরিষ্কার এবং আমরা মনে করি পরমাণু সমঝোতা অনুসারে এটি আমাদের অধিকার।”
গত ১৭ জুন ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানান, ২৭ জুন থেকে তার দেশ পরমাণু সমঝোতা অনুযায়ী সমৃদ্ধ ইউরেনিয়াম মুজতের সীমা মানবে না। রয়টার্স জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সীমা অতিক্রম করার বিষয়টি যাচাই করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)।