ভারতের বিহারের মধুবনি জেলায় একটি ধানক্ষেত থেকে ফুটবল আকৃতির একটি রহস্যময় প্রস্তরখণ্ড পাওয়া গেছে। দৃশ্যত এটি উল্কা বলেই প্রতীয়মান হচ্ছে। বৃহস্পতিবার ওই সম্ভাব্য উল্কার দেখা পেয়ে বিস্মিত হয়ে পড়েন স্থানীয় কৃষকরা।
মধুবনির জেলা প্রশাসক শীর্ষত কপিল অশোক জানিয়েছেন, ‘কৃষকরা ধানক্ষেতে কাজ করছিলেন। তখনই ওই ভারী পাথরের টুকরো প্রচণ্ড শব্দে আকাশ থেকে আছড়ে পড়ে।’ পরে ধোঁয়া বেরোনো বন্ধ হলে কৃষকরা আবার মাঠে ফিরে এসে চার ফুট গভীর গর্তের ভেতর থেকে সম্ভাব্য উল্কাখণ্ডটি উদ্ধার করেন।
শীর্ষত কপিল অশোক বলেন, আমরা দেখলাম এটার খুবই শক্তিশালী চৌম্বক ধর্ম রয়েছে। ওজন ১৫ কেজির মতো হবে।
উল্কায় থাকে পাথর ও ধুলো, যা সাধারণত পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে অধিকাংশই পুড়ে যায়। তবে কোনও কোনও টুকরো পৃথিবীর বুকে আছড়ে পড়ে। তবে বিহারের সম্ভাব্য উল্কাটি বিশ্লেষণ করে দেখবেন ভারতের বিজ্ঞানীরা।
২০১৬ সালে তামিলনাড়ুতে একটি উল্কা আছড়ে পড়ে এক বাসচালকের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত হন আরও তিনজন। তবে স্থানীয়ভাবে সেটিকে উল্কা বলা হলেও মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছিল, তারা এটিকে উল্কা বলে বিশ্বাস করে না।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে একটি উল্কাপাতের ঘটনা ঘটে রাশিয়ায়। ওই ঘটনায় এক হাজার ২০০ মানুষ আহত হন। ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি। সূত্র: এনডিটিভি।